মালয়েশিয়া যাওয়ার নামে উখিয়ায় নিখোঁজ অর্ধশতাধিক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২২
উখিয়ার সোনাইছড়ি গ্রাম থেকে মালয়েশিয়া যাওয়ার পথে অর্ধ-শতাধিক ব্যক্তি নিখোঁজ হয়েছে। এতে স্বজন হারানো পরিবার-পরিজনের মধ্যে কান্নার রোল পড়েছে। স্থানীয় দালালচক্রের হাত ধরে চোরাই পথে তারা গত ৪ মাস আগে মালয়েশিয়ার পথে রওনা হয়। এরপর আর কোন খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। সরেজমিন গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সোনাইছড়ি গ্রামের দালাল মৃত রহিম আলীর পুত্র শফি আলম সাগর পথে মালয়েশিয়া যাওয়ার নামে স্থানীয় লোকজনকে উত্সাহিত করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়া তার পুত্র মালয়েশিয়া প্রবাসী মোঃ আলীর মাধ্যমে যেসব লোকজনকে ইতিমধ্যে মালয়েশিয়া পাঠানো হয়েছে তাদেরকে সেখানে জিম্মি করে মোটা অংকের টাকা দাবি করা হয়। তার কথা মতো টাকা না দিলে আটকিয়ে রেখে নির্যাতন করা হয় বলে ওই গ্রামের আব্দুল রকিমের পুত্র নুরুল আলম ফোনে তার পরিবার-পরিজনকে জানান। এদিকে উত্তর সোনাইছড়ি গ্রামের মিনুয়ারা বেগম মিনু সাংবাদিকদের জানান, তার স্বামী নুর আলম ৪ মাস আগে মালয়েশিয়ার পথে রওনা হয়ে নিখোঁজ হয়। এভাবে মীর আহমদের পুত্র শাহ আলম, জমির আহমদের পুত্র শাহ আলম, ছমি উদ্দিনের পুত্র নুর আহমদ, রুস্তম আলীর পুত্র নাছির আহমদ, বদিউর রহমানের পুত্র শাহ আলম, আব্দুর রকিমের পুত্র নুর আলমসহ অর্ধ শতাধিক লোক নিখোঁজ হওয়ার ঘটনায় সোনাইছড়ি গ্রামে স্বজন হারানোদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠেছে। মীর আহমদ জানান, এ ব্যাপারে দালাল শফি আলম, জমির আহমদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের কাছ থেকে কোন সন্তোষজনক উত্তর না পাওয়ায় তার ছেলে বেঁচে আছে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চোরাই পথে মালয়েশিয়া না যাওয়ার জন্য একাধিকবার সতর্ক করা হলেও তার অগোচরে অনেকেই মালয়েশিয়া চলে যাচ্ছে।