সড়ক অবরোধে চন্দ্রঘোনা ছাত্রলীগ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৪
চন্দ্রঘোনায় গ্রেফতারকৃত ৩ ছাত্রশিবির কর্মীকে থানা থেকে ছেড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এ কারণে গত রবিবার রাজস্থলী ও বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। জানা যায়, চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গোপন বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বহিরাগত তিন শিবির কর্মীকে গত শনিবার গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাজ্জাদ হাসান খান, আবু তাহের ও মনিরুল হক সুমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রশিবির কর্মী বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু ছাড়াই ছেড়ে দেয়ার প্রক্রিয়া গ্রহণ করা হলে স্থানীয় ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়। কিন্তু পুলিশ ওই তিন শিবির কর্মীকে রবিবার বিকালে আদালতে চালান দেয়ার আদলে গোপনীয়তা রক্ষা করে থানা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার ইছাখালি এলাকায় নিয়ে সহযোগীদের নিকট পৌঁছে দেয়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, তিন ব্যক্তিকে আটক করার পর অভিযোগের সত্যতা পাওয়া না যাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। তবে তিনি ছুটিতে থাকায় বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।