কলারোয়ায় যৌন হয়রানি থেকে বাঁচতে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ এক ইভটিজারকে গ্রেফতার করেছে।
জানা যায়, ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের ২য় বর্ষের মেধাবী ছাত্রীকে গত ৩/৪ মাস ধরে কলেজে যাওয়ার পথে একই গ্রামের তরুর পুত্র এমরান, লুত্ফর রহামানের পুত্র জিল্লুর রহমান ও আনিছুর রহমানের ছেলে সোহাগ উত্ত্যক্ত করে আসছিলো। মেয়েটির পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকবার ওই ইভটিজারদের বাড়াবাড়ি না করতে অনুরোধ করা হলেও তারা তাদের কুকর্ম বন্ধ করেনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার সকাল ৯ টার দিকে ছাত্রীটি কলেজে যাওয়ার পথে ওই তিন যুবক তার গতিরোধ করে কুপ্রস্তাব দেয়। এসময় ছাত্রীটি তাদের গালমন্দ করলে ঐ তিন ইভটিজার তাকে যৌন হয়রানির চেষ্টা করে। এতে ছাত্রীটি লজ্জা, ক্ষোভ ও অপমানে বাড়ি ফিরে আত্মহননের জন্য কীটনাশক পান করে। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। চিকিত্সক মিজানুর রহমান মজনু জানান, তিনদিন পার না হওয়া পর্যন্ত বলা যাবে না সে শংকামুক্ত কিনা।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরদার মোশাররফ হোসেন জানান, এ খবর জানতে পেরে ঘটনাস্থল থেকে ইভটিজার জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অন্য দু’ আসামি আটকে অভিযান চলছে।
