ভারতীয় রোগাক্রান্ত ও নিম্নমানের কমলায় ছেয়ে গেছে নীলফামারী জেলার সৈয়দপুরের বাজার। এসব কমলা আশেপাশের এলাকাগুলোতে সরবরাহ করা হচ্ছে। রোগাক্রান্ত ও নিম্নমানের এসব কমলার দাম কম হওয়ায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী ভারতের সীমান্ত থেকে নিয়ে এসে তা সরবরাহ করছে। জানা যায়, লালমনিরহাট জেলার বুড়িমারি সীমান্তের ওপাড়ে প্রতিদিনই বসে ওই কমলার বাজার। ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানির জন্য ভালো কমলা বাছাই করে নিম্নমানের এসব কমলা ফেলে দেয়। সেগুলো কুড়িয়ে নিয়ে সেখানকার ব্যবসায়ীরা কম মূল্যে তা বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। অধিক মুনাফার লোভে সৈয়দপুরের ব্যবসায়ীরা হাজার হাজার বস্তা নিম্নমানের এসব কমলা এনে সৈয়দপুরে মজুদ করছে। পরে তা পাইকারি দরে সৈয়দপুর ছাড়াও দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের মাঝে সরবরাহ করছে।
