সারদায় পুলিশ সাব-ইন্সপেক্টরদের সমাপনী কুচকাওয়াজ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
বাংলাদেশ পুলিশ একাডেমি-সারদায় রবিবার বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শকদের ৩৩তম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একাডেমির অধ্যক্ষ নাইম আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুলিশ একাডেমী সূত্রে জানা গেছে, ২০১২ সালে বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক হিসাবে এক হাজার ৩৯৩ জন উপ-পরিদর্শক যোগদান করেছিলেন। এর মধ্যে একজন মারা গেছেন, দুইজনকে স্বাস্থ্যগত কারণে ও চারজনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ দেয়া হয়েছে। আর ৩৪ জন প্রশিক্ষণার্থী অন্য চাকরিতে যোগদান করেছেন। বাকি এক হাজার ৩৫২ জন সফলভাবে তাদের প্রশিক্ষণ শেষ করেছেন। এদের মধ্যে ২৩ জন মহিলা। এর আগে ২০১০-১১ সালে সর্বোচ্চ ৮৫৬ বহিরাগত উপ-পরিদর্শক প্রশিক্ষণ নিয়েছেন। গতকাল এই উপ-পরিদর্শকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থেকে একাডেমির অধ্যক্ষ নাইম আহমেদ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক প্রদান ও নবীন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন। অভিবাদন গ্রহণকালে একাডেমির উপাধ্যক্ষ আব্দুল্লাহেল বাকী প্রধান অতিথির সঙ্গে ছিলেন।