নিয়মিত এবি কিচেনে এখন আবারও নিজের গিটারের ছন্দে ফিরেছেন এ দেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চু। নিজের মতো করেই শুরু করেছেন কম্পোজিশনের কাজ। ইত্তেফাক বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আসলে নিজের কাজের প্রতি এতটা চাপ নিয়ে ফেলেছিলাম যে, নিজেকেও একটু সময় দেওয়া প্রয়োজন সে কথাও ভুলে গিয়েছিলাম। তবে হয়তো অনেকদিন আমাকে না পেয়ে কিছু ভুল তথ্য বিভিন্ন মিডিয়াতে এসেছে, যে আমি এখনও হাসপাতালে বা এখনও বেড রেস্টে। ইনশাহআল্লাহ সব কিছু ঠিক থাকলে আগামী মার্চ মাস থেকেই স্টেজে আমাকে নিয়মিত পাবেন দর্শকেরা। আর এমনিতে এবি কিচেনে আমার নিয়মিত যাতায়াত চলছে।
প্রতিদিনই মিউজিশিয়ানদের সাথে আড্ডাবাজি, নতুন গানের কম্পোজিশন করছি। এখন বেশ কিছু জিঙ্গেল আর নতুন কিছু ছেলেমেয়ের গানের কাজ করছি। এ ছাড়া ‘বাংলাদেশ আইডল’ নামের রিয়েলিটি শো প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘সেখানেও নিয়মিত সময় দেবো। আমি বারবার আমার শ্রোতা-দর্শকদের ভালোবাসার টানেই ফিরে এসেছি, এবারও তাই।’
উল্লেখ্য, সম্প্রতি শাহবাগের গণজাগরণের প্রতি সংহতি জানিয়ে আইয়ুব বাচ্চুও বেঁধেছেন নতুন একটি গান। সে গানটিও খুব শিগগিরই শাহবাগের তরুণ প্রজন্মকে উপহার দেবেন তাদের আন্দোলনকে উজ্জীবিত করার জন্য।
