ঘোড়ার মাংস কেলেঙ্কারিতে এবার নেসলে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০২
ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করার অভিযোগ নিয়ে ইউরোপ-জুড়ে তুলকালাম চলছে। এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া প্রতিষ্ঠানের তালিকায় সর্বশেষ অভিযুক্ত হিসেবে যুক্ত হয়েছে বিশ্বের বৃহত্তম খাদ্য নির্মাতা প্রতিষ্ঠান নেসলের নাম। সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক, ইউরোপীয় ইউনিয়ন খাদ্যপণ্যে ঘোড়ার মাংসের অস্তিত্ব আবিষ্কার হবার পর নেসলে বাজার থেকে বেশকিছু পণ্য সরিয়ে নিয়েছে। সুইজারল্যান্ডে নেসলের সদর দপ্তর থেকে প্রকাশ করা এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, গরুর মাংসের র্যাভিওলি, টরটেলিনি এবং ল্যাসানিয়া-এই তিন ধরনের খাবার তারা বাজার থেকে তুলে নিয়েছে। এর আগে এক পরীক্ষায় ধরা পড়ে যে এই খাবারগুলোতে শতকরা এক ভাগেরও বেশি ঘোড়ার মাংসের অস্তিত্ব রয়েছে। নেসলের একজন মুখপাত্র বলছেন, একটি জার্মান সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে পাঠানো খাদ্যদ্রব্যে এই সমস্যাটি ধরা পড়েছে। এখন তারা গরুর মাংস ব্যবহার করা হয় এমন প্রতিটি খাদ্যপণ্য তারা পরীক্ষা করে দেখছে। একদিন আগেই নেসলে ঘোষণা দিয়েছিলো যে ইউরোপ-জুড়ে তুলকালাম বাঁধানো ঘোড়ার মাংস কেলেঙ্কারি থেকে মুক্ত তারা। আর তার একদিন পরেই এই কেলেঙ্কারিতে জড়িয়ে বাজার থেকে তাদের পণ্য তুলে নেবার ঘোষণা প্রমাণ করছে যে গরুর মাংসের নাম করে ঘোড়ার মাংস বিক্রির ঘটনা যতটা ধারণা করা হয়েছিলো তার চাইতেও ব্যাপক। সমালোচকরা বলছেন, এর দ্বারা একটি বিষয় স্পষ্ট হচ্ছে, যে খাদ্য শিল্প কতটা অনিয়ন্ত্রিত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত ইউরোপের বারোটি দেশে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে চালানোর প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে নেসলের উত্স-দেশ সুইজারল্যান্ডও রয়েছে।