জাতিসংঘ তদন্তে যুদ্ধাপরাধের সন্দেহে শনাক্ত হওয়া সিরীয় নেতাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখে দাঁড় করানো উচিত। জাতিসংঘ তদন্তকারীরা সোমবার একথা বলেছেন।
আইসিসি’র সাবেক প্রধান কৌসুলি কার্লা ডি পন্টে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, “এখন সত্যিই এ সময় হয়ে এসেছে... আমাদের স্থায়ী আদালত আছে, আন্তর্জাতিক অপরাধ আদালত, যে আদালত এ মামলা নিতে প্রস্তুত।” পন্টে বলেছেন, তদন্ত দল যুদ্ধাপরাধের জন্য দায়ী উচ্চ পর্যায়ের লোকজনদের চিহ্নিত করতে সক্ষম। আর এরা হচ্ছে সেসব মানুষ যারা কর্তৃত্বে থেকে অপরাধে সহায়তা করাসহ অপকর্মের পরিকল্পনা করছে, সংগঠিত হচ্ছে এবং সিদ্ধান্ত নিচ্ছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের উচিত জরুরিভিত্তিতে অত্যন্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এ অপরাধ মামলা নেয়া। কিন্তু এ কর্মকর্তারা কারা সে সম্পর্কে পন্টে কিছু বলেননি।
এর আগে সোমবার তদন্ত দলের ১ শ’ ৩১ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে জানানো হয়, সিরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে যুদ্ধাপরাধের সন্দেহে কয়েকজনকে চিহ্নিত করা ছাড়াও যুদ্ধরত যে সব ইউনিট সরাসরি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে একটি তালিকা করা হয়েছে। সিরিয়ার যুদ্ধাপরাধের বিচারের জন্য আইসিসিকেই উপযুক্ত প্রতিষ্ঠান বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে অভিযোগ গঠনের আগে সিরিয়া বিষয়ে আইসিসি কৌসুলিদের আরো নিবিড় তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন পন্টে।
