কাঠালিয়া জেপির সাবেক সভাপতি অধ্যক্ষ মীরবহরের দাফন সম্পন্ন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৫
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত কাঠালিয়া উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাবেক সভাপতি, উপজেলা সাবেক চেয়ারম্যান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোস্তফা হোসেন মীরবহরের লাশ চারবার জানাজা শেষে গতকাল মঙ্গলবার তার নিজ বাড়ি আমুয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার তাঁর মরদেহ ঢাকায় পৌঁছার পর ঢাকার বাড্ডায় প্রথম জানাজা হয়। গতকাল মঙ্গলবার কাঠালিয়া উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে সকাল নয়টায় দ্বিতীয় জানাজা, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ মাঠে সকাল সাড়ে দশটায় তৃতীয় ও নিজ বাড়িতে বিকেল চারটায় চতুর্থবার জানাজা শেষে তাকে উপজেলার আমুয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর জানাজায় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মুহিবুল হোসেন মাহিম,বামনা উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তজা আহসান মামুন, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মুহাম্মদ আমীরউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালালুর রহমান আকন, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং জেপি ঝালকাঠি জেলা সভাপতি এডভোকেট মোঃ এনামুল ইসলাম রুবেল, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও গালুয়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন প্রমুখ। উল্লেখ্য, তাঁর সবগুলো জানাজায় ব্যাপক সংখ্যক লোক উপস্থিত ছিলেন।