ওয়ার্ল্ড হকি লিগ

বাংলাদেশের প্রতিপক্ষ আজ শক্তিশালী চীন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৬
বাংলাদেশ আজ বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলবে শক্তিশালী চীনের বিরুদ্ধে। নতুন দিল্লীর মেজর ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে খেলাটি। টেন স্পোর্টস খেলাটি সরাসরি দেখাবে। চীন বিপক্ষ হিসেবে গত সাত আট বছরে অনেক এগিয়ে গেছে। আন্তর্জাতিক হকি র্যাংকিংয়ে চীনের অবস্থান ১৮ আর বাংলাদেশের ৪০। নইলে চীনের বিরুদ্ধে বাংলাদেশের জেতা বা ড্র করার অভিজ্ঞতাও ছিল। তারপরও বাস্তবতা হলো এখন চীন আর বাংলাদেশের খেলায় প্রভেদ অনেক। তাই চীনের বিরুদ্ধে ম্যাচ জয়ের আশা কঠিন। তারপরও মাঠের লড়াইয়ের হিসাবটাই আসল। জিমি, চয়ন, বিপ্লব, কৌশিক, জাহিদরা একটা প্রেরণা পাচ্ছে আয়ারল্যান্ডের ম্যাচটা খেলে। গত সোমবার অনুষ্ঠিত এই খেলায় বাংলাদেশ ২২ মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত শ্রেয়তর দল আয়ারল্যান্ড ৫-২ গোলে জিতে নিয়েছিল ম্যাচটা। কোচ মাহবুব হারুন মনে করছেন অভিজ্ঞতার অভাবেই এটা হয়েছে। তার কথায় যুক্তিও আছে। কেননা বিশ্ব হকি লিগের এই পর্বে খেলতে যাওয়ার আগে একটি অনুশীলন ম্যাচও খেলেনি বাংলাদেশ হকি দল। বিশ্ব হকির এ রাউন্ডে সোমবার চীন তাদের প্রথম ম্য্যাচে ৪-০ গোলে হারিয়েছে ওমানকে এবং ভারত ১৬-০ গোলে হারিয়েছে ফিজিকে।