পেশাদার ক্লাবগুলোকে নিয়ে অনূর্ধ্ব ১৬ ফুটবল শুরু আজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৭
মোহামেডান ও আরামবাগের খেলা দিয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে গ্রামীণ ফোন অনূর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে খেলাটি। এরপর বিকাল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা ও আবাহনী। শেখ জামাল ধানমন্ডি ক্লাব না খেলার কারণে নয় দল নিয়েই দুই গ্রুপে ভাগ করে প্রথম আসর শুরু হচ্ছে। আবাহনী মোহামেডান একই গ্রুপে খেলছে। ‘এ’ গ্রুপে রয়েছে মুক্তিযোদ্ধা, মোহামেডান, আরামবাগ, আবাহনী। ‘বি’ গ্রুপে বিজেএমসি, শেখ রাসেল, সকার ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। ছয় মার্চ হবে ফাইনাল। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে গ্রামীণফোন। পেশাদার ফুটবল দলগুলো নিজেরাই যাতে আগামী দিনের খেলোয়াড় তৈরি করতে পারে সেজন্য প্রতিটি ক্লাবকে অনূর্ধ্ব-১৬ যুব ফুটবল দল গঠন করার শর্ত দেয়া হয়েছিল। সেখান থেকে ভালো খেলোয়াড় পাওয়া গেলে তাদেরকে সিনিয়র দলে সুযোগ দেয়ার প্রক্রিয়া শুরু করতে ক্লাবগুলোও যুব ফুটবল দল গঠন করে। যদিও খেলোয়াড় রেজিস্ট্রেশন নিয়ে বিতর্ক রয়েছে। খেলোয়াড়দের বয়স অনূর্ধ্ব-১৬ নির্ধারণ করা হলেও অনেক দলই সেটা মানছে না। ফিকশ্চার নিয়েও আপত্তি উঠেছে। আবাহনীর তিন ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আর অন্য ক্লাবগুলো সে সুবিধা পাচ্ছে না। দেশের খ্যাতনামা খেলোয়াড়রা বিভিন্ন দলের যুব ফুটবলারদের প্রশিক্ষণ দিয়েছেন। নেপালের চ্যালেঞ্জ কাপ এবং এরপর ঢাকায় স্বাধীনতা দিবস কাপ ফুটবল অনুষ্ঠিত হবে বলে পেশাদার ফুটবল লিগের খেলা এখন স্থগিত রাখা হয়েছে। এই ফাঁকে যুব ফুটবল দলের কিছু খেলা কমলাপুর স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং কিছু খেলা বাফুফে ভবনের পাশে কৃত্রিম ফুটবল টার্ফে অনুষ্ঠিত হবে। প্রথম বার হচ্ছে বলে বয়সটা কম রাখা হয়েছে। আগামী মৌসুম থেকে বয়সটা বাড়তে পারে। কারণ ক্লাবগুলো ১৬ বছরের খেলোয়াড় খেলিয়ে তাদেরকে সিনিয়র দলে ঠাঁই দেয়াটা কঠিন। অন্তত অনূর্ধ্ব-২০ হলে সেটা ক্লাবগুলোর জন্য সুবিধা হবে, ভাবছে বাফুফে। ‘এ’ গ্রুপে রয়েছে মুক্তিযোদ্ধা, মোহামেডান, আরামবাগ, আবাহনী। ‘বি’ গ্রুপে বিজেএমসি, শেখ রাসেল, সকার ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন।