তারকাগল্প

শখের অল্প গল্প

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৮
হালের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শখ। বিজ্ঞাপনচিত্র থেকে শুরু করে সর্বত্রই মডেল হিসেবে তার সাবলীল উপস্থিতি। সম্প্রতি আলোচনায় এসেছেন দ্বিতীয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামের এই ছবিতে শখ নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন। তার বর্তমান ও ভবিষ্যত্ ভাবনা নিয়ে লিখেছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত বাবা-মায়ের অনুপ্রেরণাতেই ছোটবেলায় নাচের সাথে সখ্যতা তৈরি হয় তার। শুরুতে কচিকাঁচার মেলায় পরে শিশু একাডেমীতে নাচ শেখেন। পরে বুলবুল ললিতকলা একাডেমীতে বেশ ক’বছর নৃত্যে তালিম নেন এম আর ওয়াসেক ও আনিসুল ইসলাম হিরুর কাছে। সরকারি নিমন্ত্রণে দেশের বাইরেও বেশ কয়েকবার পারর্ফম করেছেন শখ। দিদারুল আলম বাদল পরিচালিত ‘স্বাক্ষর’ নাটকের মাধ্যমে টিভি মিডিয়ায় অভিষেক ঘটে শখের। মাঝে কিছু বিরতির পর বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থেকে সানসিল্কের একটি বিলবোর্ডের মডেল হওয়ার প্রস্তাব পান, অবশ্য শখের লক্ষ্য ছিল বিজ্ঞাপনচিত্রের কাজ। আর সেই সুযোগটি করে দেন গুণী নির্মাতা অমিতাভ রেজা। একটি নাচের অনুষ্ঠানে শখের পারফর্মেন্স দেখে ‘তোশিন ফ্যান’র মডেল হওয়ার কথা জানালে সানন্দে রাজি হয়ে যান শখ। এর পরের গল্প সবারই জানা। মোস্তফা সরয়ার ফারুকী’র প্যারাসুট হেয়ার অয়েল এবং ভারতের নির্মাতা ইন্দ্রানি হালদারের ফেয়ার এভার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনচিত্র দু’টি শখের মডেল হওয়ার পথকে গতিশীল করে। পরবর্তীতে বৈশাখী বিকেলের ঝড়ো হাওয়ার ‘ইউরো লেমন’ বিজ্ঞাপনটি শখকে এনে দেয় প্রতিষ্ঠিত মডেল হওয়ার খ্যাতি। আর বাংলালিংক দেশের বিজ্ঞাপনচিত্রগুলো এনে দিয়েছে জনপ্রিয়তা। প্রায় অর্ধশত বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করা দর্শকনন্দিত এই মডেলের প্রতিভার দ্যুতি ছড়িয়ে দেন। অসংখ্য টিভি নাটকে ভালো অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। শখ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো—‘এফএনএফ’, ‘ফিফটি ফিফটি’, ‘জবের ব্যাপার’, ‘দিবারাত্রি খোলা থাকে’, ‘অল দ্য বেস্ট’, ‘কাজের রঙ’, ‘মুন্সিবাড়ি’ প্রভৃতি। বর্তমানে এশিয়ান টিভিতে প্রচার হচ্ছে শখ অভিনীত ধারাবাহিক ‘কাঠগড়া’। সেইসাথে অভিনয় করছেন ইফতেখার আহমেদ ফাহমীর পরিচালনায় নতুন একটি ধারাবাহিকে। এই নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে শখ বলেন, ‘এখানে চুপচাপ টাইপের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রটি অনেক মজার এবং এখানে নিজেকে অভিনয় দিয়ে উপস্থাপনেরও সুযোগ আছে। এ রকম একটি চরিত্রে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। সেই সাথে পরিচালক ফাহমী ভাইয়ের প্রতিও কৃতজ্ঞ যে, আমাকে চরিত্রটিতে কাজ করার সুযোগ দিয়েছেন।’ এ ছাড়া বেশ কিছু এক খণ্ডের নাটকের শুটিং ও রিয়েলিটি শো’র কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে বাংলালিংকসহ আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্র। শখ নতুন একটি বিজ্ঞাপনচিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানালেন। মডেলিংয়ে তার দুর্দান্ত পারফর্মেন্স দেখে যেমন সবাই মুগ্ধ হয়, তেমনি অভিনয়ের ক্ষেত্রেও তাকে পুরোদস্তুর অভিনেত্রী বলা যায়। বিভিন্ন নাটকে চরিত্রের ভেতর ঢুকে তাকে বের করে আনার ক্ষেত্রে যে দক্ষতা তিনি দেখিয়েছেন, তাতে দর্শকদের পছন্দের তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশি সময় লাগেনি। অভিনয়টাকে তিনি শিল্প হিসেবেই দেখেন। তার ভাষ্যে—অভিনয়টা সাধারণ কোনো কাজ নয়। এটি একটি শিল্প। আর এই শিল্প তিলে তিলে গড়ে তোলে অভিনয়শিল্পীরাই। তাই শিল্পের মান রক্ষায় অভিনয়শিল্পীদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হয়। মাত্রাতিরিক্ত শুটিং ব্যস্ততা কাজের মান খারাপ করে দেয় কি না জানতে চাইলে শখ বলেন, ‘কিছুটা তো করেই। তবে এর বেশির ভাগটাই নির্ভর করে শিল্পীর ওপর। শিল্পী কীভাবে তার ব্যস্ততাকে সমন্বয় করে তার ওপর এবং মানের বিষয়টি নির্ভর করে। যারা অধিক ব্যস্ত হয়েও সমন্বয়টা করতে পারে তাদের অভিনীত নাটকগুলোর মান অতটা নিচে নামে না যতটা বলা হয়। আমি চেষ্টা করি সমন্বয় করে চলার। কতটা সফল তা দর্শকরাই বলতে পারবেন।’ সবকিছু ছাপিয়ে শখ আবারও আলোচনায় এসেছেন সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ শিরোনামের নতুন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তিন বছর আগে এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন শখ, শাকিব খানের বিপরীতে। রুপালি পর্দার আলোচিত সেই ছবিটি ব্যবসায়িক সাফল্য পেলেও ফিল্মে তীব্র নায়িকা সংকট ও অসংখ্য ছবিতে অভিনয়ের প্রস্তাবের মাঝে শখ নিজেকে ভাসিয়ে দেননি গতানুগতিক ধারার চলচ্চিত্রের ভিড়ে। একটু গুছিয়ে নিয়ে ‘অল্প অল্প প্রেমের গল্প’তে সুপার হিরো নিলয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। টিভি নাটক, বিজ্ঞাপনে জুটি বাঁধলেও নিলয়-শখ প্রথমবারের মতো চলচ্চিত্রে একসাথে অভিনয় করছেন। রোমান্টিক কমেডিনির্ভর কর্মাশিয়াল এই ছবির গল্পে দেখা যাবে, মিশা নামকরা কিলার। তার কাজ টাকার বিনিময়ে কিডন্যাম্প ও খুন করা। ঘটনাচক্রে নিলয়কে কিডন্যাপ করে সে। সেই সূত্র ধরে ছবির গল্প সামনে এগোতে থাকে। এক পর্যায় ভিলেন ও নায়কের কিছু বিষয় ফাঁস হয়ে যায়। নায়ক সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পারে না। পালানোর বিষয়টি বুঝতে পেরে নিলয়কে মারধর করে মিশা। একসময় নিলয় মিশাকে নিজের জীবনের গল্প বলে। গল্পের মধ্য থেকে রোমান্টিক প্রেমের কাহিনী বের হয়ে আসে। ভিলেনের অদ্ভুত পরিবর্তনের কারণে ছবির নামের সার্থকতা বেরিয়ে আসে। চলচ্চিত্র নিয়ে শখ বলেন, ‘ভালো গল্প আর ছবি হলে আমার চলচ্চিত্রে অভিনয়ে কোনো আপত্তি নেই। প্রথম ছবির পর এখন অবধি আমার কাছে যে কয়টি ছবির প্রস্তাব এসেছে তার কয়েকটির গল্প খুবই বাজে, কয়েকটি ছবি ভালো না, আবার কয়েকটি শুধু নায়ককেন্দ্রিক। তবে ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি অনেক চমত্কার। এখানে আমি তানিয়া নামের চরিত্রে অভিনয় করেছি। আমি বেশি ছবিতে অভিনয় করার পক্ষে না। এক-দুই বছরে একটি ছবিতে অভিনয় করব এতেই যথেষ্ট।’ শখ-নিলয় জুটির ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’-এর শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ডাবিংয়ের কাজ চলছে। আগামী মার্চের শেষের দিকে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।