শহীদ মিনার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৯
ভাষা দিবস উপলক্ষে আজ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘শহীদ মিনার’। আরিফুল সাজ্জাদের রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তাজিন আহমেদ, কাজী রাজু, এ কে আজাদ, শিশুশিল্পী ফজলে রাব্বি, মীম, স্বর্ণা প্রমুখ। স্ত্রী ও ছেলে হাসিবকে নিয়ে কৃষক রফিকের সংসার। চতুর্থ শ্রেণীর ছাত্র হাসিব বেশ দুরন্ত ও মেধাবী। স্কুলে শিক্ষক ভাষা আন্দোলন ও শহীদদের সম্পর্কে বলার সময় হাসিব জানতে চায় তাদের স্কুলে শহীদ মিনার নেই কেন। শিক্ষিকা কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান। এ নিয়ে হাসিবের মনে নানা প্রশ্ন জাগে। টিভিতে ২১শে ফেব্রুয়ারির প্রস্তুতির খবর দেখে আরও কৌতূহলী হয় সে। সিদ্ধান্ত নেয় বন্ধুদের নিয়ে এবার স্কুল মাঠে একটা শহীদ মিনার বানাবে। খবরটা ছড়িয়ে পড়লে পাড়ার মাতবর হাসিবের বাবাকে অপমান করে। হাসিবের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এ নিয়ে গ্রামে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসিবের বাবাসহ গ্রামের কয়েকজন মিলে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক গ্রামে একটা শহীদ মিনার নির্মাণ করবে।