টানা চারদিন ধরে শেয়ারবাজারের সূচক নিম্নমুখী রয়েছে। সূচক কমলেও গত কয়েকদিন লেনদেন বৃদ্ধির ধারা অব্যাহত ছিল। তবে গতকাল লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা কয়েকদিন সূচক বাড়ায় দীর্ঘ সময় ধরে বাজার সংশোধন চলছে। তাই এতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। তারা বলছেন, বাজারে সূচক কমলেও লেনদেন বাড়ায় বাজার এখনও ইতিবাচকই আছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫৪ পয়েন্ট কমে ৪ হাজার ১৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৫০২ পয়েন্টে নেমে এসেছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৩২৮ টাকা। যা আগের দিনের চেয়ে ১০৯ কোটি ৮৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৭২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে ২৭২ টি কোম্পানির ৯ কোটি ৮১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক ১৯৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৬ পয়েন্টে নেমে এসেছে। সিএসই-৩০ মূল্যসূচক ১৮৭ পয়েন্ট কমে ১১ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০ কোটি ১৬ লাখ ৬৪ হাজার ৩৫৫ টাকা। লেনদেনকৃত ১৮৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ১৫৮ টির আর অপরিবর্তিত ছিল ১৩ টি শেয়ারের দাম।
ডিএসই সূত্র জানিয়েছে, আজ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে। তবে পরবর্তী কার্যদিবস রবিবার যথারীতি লেনদেন চালু হবে। এদিকে গত মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড নামক মেয়াদী মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। জানা গেছে, ফান্ডটির আকার হচ্ছে ১০০ কোটি টাকা এবং অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি টাকা। যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে।
