আফগানিস্তানে পাক তালেবান কমান্ডার গ্রেফতার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
আফগানিস্তানের পূর্বাঞ্চল থেকে পাকিস্তান তালেবানের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে আফগান নিরাপত্তা বাহিনী। আফগানিস্তান থেকে পাকিস্তানি তালেবান নেতা গ্রেপ্তার হওয়ায় প্রতিবেশি দেশ দুটির মধ্যে আস্থা বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) এর আঞ্চলিক নেতা মৌলভি মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন আফগান নিরাপত্তা কর্মকর্তারা। সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে আফগান গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনী ও জাতীয় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ধরা পড়েন তিনি। মৌলভি মোহাম্মদের গ্রেপ্তারকে তালেবান বিদ্রোহীদের জন্য একটি ‘বড় আঘাত’ বলে বর্ণনা করেছে আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়। আফগানিস্থানে আশ্রয়ে নেয়া পাকিস্তানি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আফগান কর্তৃপক্ষের প্রতি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল পাকিস্তান। আফগান বিদ্রোহীরা পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে আছে বলে পাল্টা অভিযোগ করেছিল আফগানিস্তান। মোহাম্মদ পাকিস্তানি তালেবানের বাজাউর এলাকার কমান্ডার ছিলেন। টিটিপি সরকারের সঙ্গে শান্তি আলোচনা করছে, গত বছর গণমাধ্যমের কাছে এটি বলার পর তার বক্তব্য অস্বীকার করে টিটিপি তাকে তার পদ থেকে সরিয়ে দেয়।