সংবাদ কণিকা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
জ্যাকসনের ছেলের চাকরি মাইকেল জ্যাকসনের ছেলে প্রিন্স তার জীবনের প্রথম চাকরিতে যোগ দিলেন। মঙ্গলবার রাতে একটি বিনোদনের চ্যানেলে প্রতিবেদক হিসাবে যোগদান করেন তিনি। ওই চ্যানেল সূত্রের খবর, মাত্র ষোলো বছরের কিশোর প্রিন্স এরই মধ্যে এই ধরনের নানা কাজে পারদর্শী হয়ে উঠেছেন। কয়েক দিন আগে এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছিলেন, ক্যামেরার সামনে বা পিছনে কোথাও তার কোনও জড়তা নেই। বরং তিনি প্রযোজক, পরিচালক, নায়ক ও লেখক-সব ভূমিকাতেই অবতীর্ণ হতে চান। -পিটিআই মহারাষ্ট্রে মন্ত্রীর বাড়ি তল্লাশি ভারতের মহারাষ্ট্রের শহর উন্নয়ন মন্ত্রী ও এনসিপি দলের সদস্য ভাস্কর যাদবের বাড়ি তল্লাশি চালিয়েছে আয়কর অধিদফতর। ১১ সদস্যের একটি দল মঙ্গলবার তার দুটি বাড়িতে তল্লাশি চালায়। অভিযোগ রয়েছে, রাজ্যে যখন খরা চলছে, মন্ত্রী সেসময়ে তার ছেলে ও মেয়ের বিয়েতে প্রচুর অর্থ ব্যয় করেন। বিয়ের দু’টি অনুষ্ঠানের জন্য রাজকীয় এক প্রাসাদ বানানো হয়। অতিথিদের জন্য তৈরি করা হয়েছিল ২২টি হেলিপ্যাড। নিমন্ত্রিত ছিলেন প্রায় ১ লক্ষ লোক। অভিযানের পর আয়কর বিভাগ এই বিয়ের খরচ নিয়ে মন্ত্রীর বক্তব্য রেকর্ড করেন। আয়কর বিভাগের এ আকস্মিক অভিযান সম্পর্কে মন্ত্রী বলেন, এটা সত্যিই অপ্রত্যাশিত। -দ্য হিন্দু গ্রহাণুর আঘাত থেকে রক্ষার উপায় ‘স্টার-ট্রেক’ ছবি থেকে অনুপ্রাণিত পৃথিবীকে গ্রহাণুদের হাত থেকে রক্ষা করার উপায় খুঁজে বের করলেন মার্কিন বিজ্ঞানীরা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ফিলিপ এম লুবিন এবং ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট বিশ্ববিদ্যালয়ের সান্টা বারবারা ও গ্রে বি হুগস এমন একটি সৌর শক্তিতে সমৃদ্ধ রশ্মি কল্পনা করেছেন যা গ্রহাণুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। পৃথিবীর ধারে-কাছে আসার আগেই তাদের দ্রবীভূত করে দিতে পারবে ওই রশ্মি। যত বড়ই গ্রহাণু হোক না কেন, তার সঙ্গে লড়াই করতে সক্ষম হবে সৌরশক্তি। চীনে দুর্ঘটনায় নিহত ৯ চীনে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত ও ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির হুবেই প্রদেশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ১৯ জন যাত্রী নিয়ে বাসটি ওইদিন সকালে রাস্তা থেকে ছিটকে পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে সাতজন নিহত ও বাকিরা হাসপাতালে নেয়ার পথে মারা যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। -সিনহুয়া