চ্যা ম্পি য় ন স লি গ

স্বপ্ন ধুসর হয়ে গেল আর্সেনালের জন্য

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৯
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে গেল। কেননা গত মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর প্রথম লেগে তাদের ৩-১ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। এ রাতের অপর খেলায় পোর্তো একমাত্র গোলে মালাগাকে পরাজিত করে। লিগ স্বপ্ন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে গানার্সদের। তাই আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের দৃষ্টি ছিল নিশ্চিতভাবেই চ্যাম্পিয়নস লিগের দিকে। এ লক্ষ্যে দলেও এনেছিলেন অনেকগুলো পরিবর্তন। এফএ কাপে নিজেদের সর্বশেষ ম্যাচে অপেক্ষাকৃত তরুণ যে দলটি খেলেছিল, তার মধ্যে সাতটি পরিবর্তন এনে পুরনো শক্তিতেই মাঠে নামে আর্সেনাল। আক্রমণভাগে অলিভিয়ের গেরুদের জায়গায় নেমেছিলেন থিও ওয়ালকট। শুরুতে খেলার নিয়ন্ত্রণও ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির কাছে। কিন্তু খেলার ধারার বিপরীতেই প্রথম গোলটা পায় জার্মান চ্যাম্পিয়নরা। আর্সেনাল ডিফেন্ডারদের ভুলে মাঠের ডান কোণ থেকে থমাস মুলারের ক্রস পৌঁছে যায় পেনাল্টি বক্সের সামনে দাঁড়ানো টনি ক্রুসের কাছে। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার দর্শনীয়ভাবে বলটি দখলে নিয়ে পাঠিয়ে দেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই গোলের পরেই পাল্টে যায় ম্যাচের চিত্র। একের পর এক আক্রমণ রচনা করতে থাকে সফরকারিরা। তবে বায়ার্নের দ্বিতীয় গোলেও অবদান আছে আর্সেনাল ডিফেন্সের! বায়ার্ন ডিফেন্ডার ড্যানিয়েল ফন বুয়েটেন আর্সেনালের গোলপোস্টে হেড করলে তা রুখে দেন গোলরক্ষক। তবে ছোট বক্সে বেশ কিছু আর্সেনাল ডিফেন্ডার থাকলেও সবার ফাঁক গলে বল আসে মুলারের পায়ে। মুলার বল পাঠিয়ে দেন জালে। গোলের জন্য মরিয়া আর্সেনাল একটি গোল শোধ করে ম্যাচের ৫৫ মিনিটে। লুকাস পোডলস্কি গোলটি করেন। তবে খেলা শেষ হওয়ার ১৩ মিনিট আগে মারিও মান্ডজুকিচ আর্সেনালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। নিজেদের মাঠে ৩-১ গোলে হারার ফলে নিশ্চিত হয়ে যায় কোয়ার্টার ফাইনালে যেতে হলে অসম্ভব একটা কাজই করতে হবে আর্সেনালকে। গানার বস ওয়েঙ্গারও ভাবছেন তেমনই। স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাত্কারে এই ফরাসি কোচ বলেন, ‘সত্যটাকে না লুকানোই ভালো। এটা সত্যিই খুব কঠিন হবে। তবে আমরা অসম্ভবকে সম্ভব করারই চেষ্টা করবো।’ তিনি আরও বলেন, ‘ আমাদেরকে সেখানে (বায়ার্নের মাঠে) যেতেই হবে। ভাল খেলতে হলে আমাদের ওই মাঠকে নিজের মাঠ মনে করেই খেলতে হবে এবং ব্যবধান কমানোর চেষ্টা করতে হবে। তৃতীয় গোলটা পরিস্থিতিটাকে আরও কঠিন করে তুলেছে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে।’ দিনের অন্য ম্যাচে নিজেদের মাঠ স্টাডিও দো দ্রাগাও তে স্প্যানিশ ক্লাব মালাগাকে ১-০ গোলে হারিয়েছে পোর্তো। ম্যাচের ৫৩ মিনিটে একমাত্র গোলটি করেন জোয়াও মটিনহো। ম্যাচে সফরকারিরা খুব বেশি একটা সুযোগও সৃষ্টি করতে পারেনি। আগামী মাসের ১৩ তারিখ অনুষ্ঠিত হবে ম্যাচটির দ্বিতীয় লেগ।