ব্যাটসম্যানদের দৃঢ়তায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় ফিরলো সফরকারী ইংল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশরা ৮ উইকেটে হারিয়েছে কিউইদের। ফলে সিরিজে এখন ১-১ সমতা।
হ্যামিল্টনে প্রথম ম্যাচ নাটকীয়ভাবে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে খেলতে নেমে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয়নি। স্কোর বোর্ডে ১৯ রান উঠতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় তারা। প্রথম ব্যাটসম্যান হিসাবে প্যাভিলিয়নের টিকিট পান বিজে ওয়াটলিং, করেন ৭ রান। এরপর ওয়াটলিং-এর পথ ধরে ব্যক্তিগত ১১ রানে সাজঘরে তার সঙ্গী হন রাদারফর্ডও। দুই ওপেনারকেই ফিরিয়েছেন ইংলিশ পেসার জেমস এন্ডারসন।
এরপর তৃতীয় উইকেট জুটিতে কিন উইলিয়ামসন ও রস টেইলর প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ভালোই জমে উঠেছিল জুটিটি। উইলিয়ামসন ও টেইলরের কাছ থেকে ৭২ রান পায় দল। ৩৩ রান করে উইলিয়ামসন বিদায় নিলেও অন্যপ্রান্তে লড়াই চালিয়ে যান টেইলর। চতুর্থ উইকেটে গ্র্যান্ট এলিয়টের সাথে ৫২ রানের জুটি গড়ার পর অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে শতরানের দারুণ এক জুটি গড়েন টেইলর। সেই সাথে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির স্বাদও পান সাবেক অধিনায়ক। ফলে দলও পেয়ে যায় বড় সংগ্রহ। টেইলর ১১৭ বলে ১০০ ও ম্যাককালামের ৩৬ বলে ঝড়ো ৭৪ রানের উপর ভর করে ২৬৯ রানের লড়াই করার মতো সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ছিলেন এন্ডারসন। ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন তিনি। এই নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ উইকেট শিকার করলেন এই পেসার।
জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে ইংলিশদের দারুণ একটা সূচনা এনে দেন দুই ওপেনার। অধিনায়ক অ্যালিষ্টার কুকের সাথে ৮৯ রানের জুটি গড়ে দিয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন ইয়ান বেল। ৪৪ রান করেন বেল।
উদ্বোধনী সঙ্গী বেলের ফিরে যাবার বেশ কিছুক্ষণ পর আউট হন কুকও। তবে হাফ-সেঞ্চুরি তুলে ৭৮ রানে থামেন তিনি। তার ৯২ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির মার ছিল। দলীয় ১৪৯ রানে কুক বিদায় নেবার পর তৃতীয় উইকেটে জুটি বাঁধেন জোনাথন ট্রট ও জো রুট। শেষপর্যন্ত এই জুটিই অবিচ্ছিন্ন থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ১২১ রানের জুটিতে গড়ার ফলে ট্রট ও রুট দুইজনই তুলে নেন হাফ-সেঞ্চুরি। ট্রট ৭৩ বলে ৬৫ ও রুট ৫৬ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট নেন টিম সাউদি ও কিন উইলিয়ামসন। আগামী ২৩ ফেব্রুয়ারী অকল্যান্ডে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।-বাসস
