পেশাদার লিগের আটটি দলের অনূর্ধ্ব-১৬ ফুটবলারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টটি গতকাল বুধবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে। বাস্তবে এটি হলো ক্ষুদে তারকাদের লড়াই। আগামী দিনের এই সব ফুটবলারদের মধ্যে আছে তারকা হওয়ার স্বপ্ন। বয়স কম হলেও এই ফুটবলাররা এখনই মোহামেডান, আবাহনীর খেলোয়াড়ের মর্যাদা পাচ্ছেন। নীল হলুদ সাদাকালো জার্সি গায়ে তুলেছেন। উদ্বোধনী দিন কাল বিকালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে আরামবাগকে। মোহামেডানের গোল করেছেন রাজিব, স্বপন, আরামবাগের মাসুদ। দিনের অপর খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ২-১ গোলে হারায় আবাহনীকে। মুক্তিযোদ্ধার পক্ষে গোলদুটি করেন ইব্রাহিম এবং আবাহনীর পক্ষে বাঁধন। মূল দলের মতো কাল অংশগ্রহণকারী ক্লাবগুলোতে খেলা উপলক্ষে পতাকা উড়েছে। সিনিয়র ফুটবলারদের মতো ব্রিফিং হয়েছে। পেশাদারি প্রথায় ক্ষুদে ফুটবলারদের মাঠে নামতে দেখে বুঝার উপায় ছিল না, এরা আবাহনী মোহামেডানের জুনিয়র দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলো ঝলমলে মাঠে নেমে আবাহনীর পিয়াস, নাজির, সিদ্দিক, ইব্রাহিম, শামীম, জামাল, মুক্তিযোদ্ধার প্রিতম, বিশ্বনাথ, নাইম শেখ, ইমন, জিকরনরা তাদের জীবনের প্রথম স্মৃতি ধরে রাখলেন ফ্রেমে। এখান থেকে ক্লাবগুলো খুঁজে নিতে পারবে তাদের পছন্দের ফুটবলার।
