কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ঝর্ণামুরা এলাকার পাহাড়ের পাদদেশে মঙ্গলবার রাস্তার উন্নয়ন কাজের জন্য মাটি কাটতে গিয়ে শ্রমিকরা একটি পিলারসদৃশ বস্তুর সন্ধান পান। এ পিলারকে ঘিরে সবার মধ্যে কৌতূহলের শেষ নেই। কারো মুখে এটি সীমানা পিলার। কেউ বলছেন এটি মহামূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আবার কেউবা বলছেন এটির নাম সিএস খুঁটি বা ত্রিসীমানা পিলার। এই পিলারের মধ্যে রক্ষিত থাকে ম্যাগনেট জাতীয় অতিমূল্যবান পদার্থ। যার মূল্যও প্রায় হাজার কোটি টাকা।
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল জানান, সাদা এক ধরনের পাথর দিয়ে পিলারটি তৈরি। পিলারটির গায়ে ইংরেজীতে বি-এর মত একটি বর্ণ লেখা আছে। ধারণা করা হচ্ছে, পিলারটি ব্রিটিশ আমলের। তবে প্রাথমিকভাবে দেখে এটি মূল্যবান কিছু বলে মনে হয়নি।
