ষাটের দশকে নির্মিত ব্যবহার অনুপযোগী ভবনে ঝুঁকি নিয়ে বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ দপ্তরের দাপ্তরিক কাজ চলছে। যে কোন সময় ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রকাশ প্রথম ও দ্বিতীয় শ্রেণির কয়েকজন কর্মকর্তাসহ প্রায় ১৫জন অফিস স্টাফ, ৬০জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এই অফিসে বসেন। এ ছাড়াও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা পরামর্শ নিতে আসে। এলাকাবাসীর অভিযোগ বেগমগঞ্জ কৃষি ভবনটি অনেক পূর্বেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় পুরো ভবনে ফাটল ছাড়াও ছাদ খসে পড়েছে। বর্ষাকালে বৃষ্টির পানি ছাদ চুইয়ে পড়ে অনেক মূল্যবান রেকর্ডপত্র নষ্ট হয়ে যায়। বিশেষ করে ভবনটির এতই জীর্ণদশা যে কোন সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে অনেক বছর পূর্বে। তা বিভাগীয় ঊর্ধ্বতন কর্মাকর্তার নিকট জানানো হয়েছে। এ ভবনের স্থানে নতুন ভবন নির্মাণ হবে অনেক বছর থেকে শুনে আসছি, কিন্তু বাস্তবায়ন নেই।
