জেনারেল ওসমানীর পিতার স্মৃতিধন্য রাস্তাটি অবহেলিত!

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
সিলেটের বিশ্বনাথ-কুরুয়াবাজার-পুরকায়েস্থবাজার একটি প্রাচীন রাস্তা। ১৯৫৪ সালে ওই রাস্তার মাটি ভরাটের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি ওসমানীর পিতা মরহুম খান বাহাদুর মফিজুর রহমান। কিন্তু ৫৯ বছর পরও রাস্তাটি অবহেলায় পড়ে আছে। রাস্তার পাশে প্রাথমিক বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ডাকঘর, কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক থাকলেও এ সবের গুরুত্ব দেয়া হচ্ছে না। ফলে এ অঞ্চলের মানুষকে সারা বছর পোহাতে হয় দুর্ভোগ। স্বাধীনতার পর সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগর) আসন থেকে অনেকেই নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সময় তারা ওয়াদা করেছিলেন রাস্তাটি পাকা করে দেবেন। কিন্তু জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণ আজ পর্যন্ত হয়নি। এনিয়ে এলাকাবাসীর মনে ক্ষোভের অন্ত নেই। প্রকাশ,সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর আমলে বিশ্বনাথ-কুরুয়াবাজার-পুরকায়েস্থবাজার রাস্তার প্রায় তিন কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়। বর্তমান সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী নির্বাচিত হওয়ার পর পাকা করেন মাত্র আধা কিলোমিটার রাস্তা। তার ওয়াদা ছিল নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথম কাজ করবেন ওই রাস্তার। কিন্তু ওয়াদা দিয়ে তিনি ওয়াদা পালন করছেন না। যার ফলে ওসমানী নগর ও বিশ্বনাথের মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।