নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে পুলিশ অবরুদ্ধ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজারে এক ব্যবসায়িকে জাল টাকা দিয়ে ফাঁসানোর অপচেষ্টাকালে পুলিশের দুই এসআই, এএসআই ও ডিএসবি পুলিশকে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে লাঞ্ছিত করেছে ব্যবসায়ী-জনতা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত উপশহর নন্নী বাজারে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা জানায়, বিদেশ ফেরত আব্দুল কাদির (৩৬) ওরফে ময়নাকে জাল টাকার ব্যবসায়ী বলে উক্ত পুলিশরা হ্যান্ডকাফ পরিয়ে আটকের চেষ্টা করে। এসময় উপস্থিত ব্যবসায়ী-জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশের এসআই খোকন, এসআই আরিফ, ও ডিএসবি ওয়াচার মকবুলকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করে। এসময় সিভিলে থাকা অপর এএসআই রামপ্রসাদ জনতার সাথে মিশে গিয়ে দু্রত সটকে পড়েন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান রিপন এলে ব্যবসায়ীরা পুলিশকে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে অবরুদ্ধ করে রাখেন। এদিকে, এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার প্রায় সহস্রাধিক জনতা নন্নী বাজারে পুলিশের এহেন অপকর্মের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে। অফিসার ইনচার্জ (ওসি) গোলাম হায়দান ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করে। এলাকাবাসী জানায়, পুলিশের কথিত সোর্স ছামিউল, রাসেল ও মনির এলাকার নিরীহ মানুষকে প্রায়ই পুলিশের সহযোগিতায় ভয় দেখিয়ে আসছে।