নেত্রকোনার সর্বত্র আমন ধানের মূল্য বেড়ে যাওয়াতে সরকারিভাবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নাও হতে পারে। তবে ধানের দাম বাড়ায় কৃষক খুশি। নেত্রকোনা জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে মিলারদের নিকট থেকে ১৫ হাজার টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গতকাল বুধবার পর্যন্ত ৮হাজার টন চাল সংগৃহীত হয়েছে। ধানের মূল্য বেড়ে যাওয়াতে মিলাররা সমস্যায় পড়েছেন। বর্তমানে খোলা বাজারে আমন চাল ২৮ টাকা থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিন্তু সরকারি ক্রয়মূল্য হচ্ছে ২৬ টাকা। এ কারণে মিলাররাও চাল দিতে পারছেন না। তবে যথাসময়ে মিলাররা সরকারি গুদামে চাল সরবরাহ করবেন বলে মিলার সমিতির সম্পাদক এইচ আর খান পাঠান সাকি এ প্রতিনিধিকে জানান। এদিকে জেলা খাদ্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, খাদ্য গুদামে যথাসময়ে চাল সরবরাহের জন্য মিলারদের চাপে রাখা হয়েছে এবং মার্চের মধ্যেই বাকি ৭ হাজার টন চাল সংগৃহীত হবে ।
