ভাষার মাসে প্রাণের ছোঁয়া লেগেছে ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্মস্থান ময়মনসিংহের গফরগাঁওয়ের অমর একুশে বইমেলাতে। বইপ্রেমীদের আনাগোনায় প্রাণের সঞ্চার ঘটে স্থানীয় ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত বইমেলায়। মেলা প্রাঙ্গণে পরিবেশবাদী সংগঠন ‘কৃষ্ণচূড়া’র ‘‘বাংলাদেশের অভ্যুদয় ১৯৫২-১৯৭১” শীর্ষক আলোকচিত্র প্রদশর্নীতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ভিড় লেগেই থাকে। মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গফরগাঁও প্রেসক্লাব ৫ দিনের এই বইমেলার আয়োজন করে। গত সোমবার স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফাহিম গোলন্দাজ বাবেল এই বইমেলা উদ্বোধন করেন। মেলা শেষ হবে ২২ ফেব্রুয়ারি।
