কেন্দুয়ায় কৈলাটী মাদরাসার অফিসকক্ষে শিক্ষার্থীদের তালা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
শিক্ষক নিয়োগে উেকাচ গ্রহণের প্রতিবাদ ও গণিত এবং ইংরেজি শিক্ষক নিয়োগের দাবিতে কেন্দুয়া উপজেলার কৈলাটী ফতেপুর দাখিল মাদরাসার অফিসকক্ষে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অফিসকক্ষে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিদিনের মতো ক্লাস বর্জনও অব্যাহত রাখে তারা। এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলম ও সুপার কামালউদ্দিন সম্প্রতি উেকাচের বিনিময়ে সামাজিক বিজ্ঞান পদে দু’জন শিক্ষক নিয়োগ দেয়। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে গণিত ও ইংরেজি শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছিল। কিন্তু পরিচালনা কমিটির সভাপতি ও সুপার সে দাবি উপেক্ষা করে সামাজিক বিজ্ঞান পদে শিক্ষক নিয়োগ দিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গত রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করে। মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলম ও সুপার কামালউদ্দিন শিক্ষক নিয়োগে উেকাচের অভিযোগ অস্বীকার করেন। অপরদিকে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান জানান, এ মাদরাসায় গণিত ও ইংরেজি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। শূন্যপদে শিক্ষক নিয়োগ না দিয়ে মাদরাসার সুপার ও সভাপতি অন্যপদে শিক্ষক নিয়োগ দেয়ায় শিক্ষার্থীরা বিষয়টি মানতে না পেরে ক্লাস বর্জনের আন্দোলন শুরু করে। এ বিষয়ে যোগাযোগ করা হলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, ক্লাস বর্জন ও তালা ঝুলানো কোনো বিষয়েই তাকে কেউ কিছু জানায়নি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।