গ্রাহকদের ক্ষোভ

সিংড়ায় ওয়ান ফরেক্সি অনলাইন ব্যাংকে তালা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর নাটোরের সিংড়ায় ওয়ান ফরেক্সি অনলাইন ব্যাংকের অফিসে তালা লাগিয়ে দিয়েছে প্রতারিত গ্রাহকরা। গ্রাহকরা লাপাত্তা হওয়া ব্যবস্থাপক আব্দুল ওহাব সরকারের গ্রামের বাড়িতেও ভিড় করছে। পরে তারা পরিবারের লোকজনের আশ্বাসে ফিরে আসে। এদিকে সিংড়া বাজারের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভাড়া মালিক আজিজুল হক দাবি করেছেন, গত বছরের নভেম্বর মাসে তার পাঁচতলা ভবনে ভাড়া নেয়া হয় কিন্তু তাকে ঘর ভাড়া দেয়া হয়নি। অপরদিকে বেশকিছু গ্রাহক অভিযোগ করেছেন, তারা সমুদয় টাকার জন্য ওই ব্যাংক ব্যবস্থাপকের বাড়িতে গেলে তাদেরকে তার পিতা আলী আহমেদ ৩ লাখ ১৪ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের একটি চেক দেয়। তবে গ্রাহকরা ওই ব্যাংকে গিয়ে এ্যাকাউন্টে কোন টাকা পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক বলেন, সে একটি বড় ধরনের প্রতারক চক্রের সদস্য। সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, আব্দুল ওহাব সরকার এর আগে বগুড়ায় নর্থ বেঙ্গল আইটি এডুকেশন নামে একটি সংস্থার পরিচালক ছিল। সে প্রায় ২০০ জন গ্রাহকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।