সৈয়দপুর হাসপাতালে চিকিত্সক সংকট

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
নীলফামারী জেলার সৈয়দপুর ৫০ শয্যা হাসপাতালে ১শ’ শয্যা চালু হলেও বাড়েনি চিকিত্সক ও চিকিত্সা সেবার মান। ফলে হাসপাতালের চিকিত্সাসেবা নাজুক অবস্থায় পৌঁছেছে। ২০১০ সালের ২৭ জানুয়ারি হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয় ১শ’ শয্যায় উন্নীত করার অনুমোদন দেয়। এই অনুমোদন তিন বছর আটকে থাকার পর গেল বছরের ২৪ ডিসেম্বর ১শ’ শয্যা হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় কেবল শয্যা, ওষুধ ও পথ্যের (খাদ্য) বরাদ্দ বাড়ানো হয়েছে। কিন্ত হাসপাতাল পরিচালনায় কোন জনবল বাড়ানো হয়নি। জনবল না বাড়িয়ে বর্তমানে ১২ জন চিকিত্সকের জায়গায় আছেন ৭ জন এবং ৭৫ জন জনবলের জায়গায় রয়েছে মাত্র ৫৩ জন। এই হাসপাতালে প্রসূতি ও শিশু চিকিত্সা চলছে বিশেষজ্ঞ চিকিত্সক ছাড়াই। এছাড়া সার্জারী চিকিত্সক দীর্ঘদিন থেকে না থাকায় বছরের পর বছর খোলা হয় না অপারেশন থিয়েটারের দরজা। ফলে ব্যবহার অভাবে মূল্যবান সার্জারী যন্ত্রপাতি বিনষ্ট হতে চলেছে। আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ডা. মনিরুল ইসলাম মানিক জানান, এখনও একশ শয্যার জনবল দেয়া হয়নি। আগের জনবল দিয়ে চিকিত্সা সেবা পরিচালনা করতে হচ্ছে। চিকিত্সক ও জনবল বৃদ্ধির বিষয়টি নীলফামারী সিভিল সার্জনের নজরে আনা হয়েছে।