খাদ্যপণ্যে ফরমালিন পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
বুধবার রাজধানীর উত্তরায় এফবিসিসিআই-এর উদ্যোগে এবং ঢাকা ব্যাংকের অর্থায়নে উত্তরা ৬ নং সেক্টর-এ উত্তরা সমবায় বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ঢাকা ব্যাংক এর অনুদানে এবং এফবিসিসিআই-এর সহযোগিতায় ফরমালিন পরীক্ষার মেশিন উত্তরা সমবায় বাজার কমিটির কাছে হস্তান্তর করেন এবং মেশিন পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমালিন পরীক্ষার জন্য মোট ১৭টি ফরমাল ডি-হাইড্রেড মেশিন এফবিসিসিআইকে অনুদান হিসাবে প্রদানের ঘোষণা দেন।
এফবিসিসিআই-এর সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ, ঢাকা ব্যাংকের পরিচালক আমিরুল্লাহ, বায়রার সভাপতি এবং এফবিসিসিআই এর পরিচালক মো. শাহজাহান মজুমদার, বাজার কমিটির সভাপতি মো. মজিবুর রহমান মল্লিক, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমবায় অধিদফতরের অতিরিক্ত নিবন্ধক মো. ইকবাল হোসেন প্রমুখ।
