টাঙ্গাইলে পরীক্ষার খাতা জালিয়াতি চক্রের দু’জন গ্রেপ্তার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার খাতা জালিয়াতির সাথে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মনিরুল সালেহ ওরফে রুমন এবং একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ। ডিবি’র ইন্সপেক্টর হুমায়ুন কবির আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে রুমনকে খাতা জালিয়াতির তিনটি প্যাকেটসহ গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যমতে, শহরের শিবনাথপাড়ার একটি ছাত্রাবাস থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আব্দুল্লাহর রুম থেকে ১৫টি নতুন করে হাতে লেখা খাতা, ৪৯টি সাদা খাতা, ৩০টি খাতার নতুন কভার, ১৮টি অতিরিক্ত খাতা, ১৮টি ওয়েমার সিট, ২০০টি সাদা খাতা উদ্ধার করা হয়। তারা অনেক দিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চক্রের সঙ্গে যোগসাজশ করে খাতা জালিয়াতি করে আসছে বলে পুলিশকে জানায় ।