‘গুড়ি তুমি কার আকাশে ওড়ো’, গেল বছরের সবচেয়ে জনপ্রিয় এই গানটির কণ্ঠশিল্পী লুত্ফর হাসান বরাবরই তার গানের পাশাপাশি মৌলিক ধারার গদ্যকার হিসেবেও নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে তার ৫ম উপন্যাস ‘ফেকুয়া’। ভাষাচিত্রের ব্যানারে তার এই ৫ম উপন্যাস অবলম্বনে এরই ভেতরে চলচ্চিত্র নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। রেজোয়ানুল আলম হীরার পরিচালনায় ‘ফেকুয়া’ নিয়ে এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে এই মাসেই। এ প্রসঙ্গে লুত্ফর হাসান বলেন, ‘আমি এ ক্ষেত্রে খুব সৌাভাগ্যবান এই কারণে যে, আমার লেখা উপন্যাসটি প্রকাশের পরপরই তা নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে। এ ছাড়া গ্রামীণ পটভূমির এই উপন্যাসটি নিয়েও পাঠকদের ভেতর ব্যপক আগ্রহ তৈরি হয়েছে।’
উল্লেখ্য, বই মেলায় লুত্ফরের বইয়ের পাশাপাশি এ বছর তার দ্বিতীয় একক অ্যালবামের কাজও অনেকখানি গুছিয়ে ফেলেছেন। দেশের এ সময়ের জনপ্রিয় ক’জন কম্পোজারের সাথে তার সুরারোপিত গান নিয়ে তৈরি হচ্ছে তার একক অ্যালবাম। আগামী বৈশাখ উপলক্ষে লুত্ফর হাসানের এই অ্যালবামটি প্রকাশ পাবে বলে জানান তিনি।
