বই আলোচনা

নিজস্ব ভাবনায় তাড়িত গল্প

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৩
১০০ তম গল্প ও অদৃশ্যমানব স্বদেশ হাসনাইন প্রকাশক :শ্রাবণ প্রচ্ছদ :শারমীন হক সঙ্গীতা মূল্য :১৫০ ‘মৃতদের নাকি মন থাকে না কিন্তু সাহিত্যিক বলেই হয়তো আমার মন খারাপের অভ্যেসটা কাটেনি।’ অথবা ‘আমার সঙ্গে আমারই ছদ্মনামের প্রতিদ্বন্দ্বিতায় আমি হেরে গিয়েছিলাম।’ ১০০ তম গল্প ও অদৃশ্য মানব গল্পের এ বাক্যগুলো পাঠককে মৃত্যু ও অস্তিত্বের সংকট নিয়ে এক বোঝাপড়ার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ১৭টি গল্প নিয়ে প্রকাশিত এই বইয়ের প্রতিটি গল্পই লেখা হয়েছে মৌলিক ভাবনা থেকে। ‘ম্যাগনোলিয়া’ গল্পের চমকটা মানুষের প্যারালাল ব্যক্তিত্ব নিয়ে। একই মানুষের একই ঘটনায় দু-ধরনের প্রতিক্রিয়া। আর তার ওপর নির্ভর করে পাশে থাকা মানুষগুলোকে নতুন ভাবে দেখা। ‘দেহজ’ গল্পটি শরীরের সাথে আত্মার সম্পর্ক কেমন হতে পারে—এমন একটা বোধ দিতে চাইলেও আকর্ষণটা লেখকের ভবিষ্যত বিজ্ঞানের ফলে মানুষে মানুষে সম্পর্ক কেমন হতে পারে—তার ওপর একটা ইঙ্গিত। শিউরে ওঠার মতো গল্প ‘প্রতিশোধ’। একটা ভুল পদক্ষেপ মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেওয়ার পর আবিষ্কৃত হলো, আদতে সে ঘটনাই ঘটেনি অথচ অনুতাপে সেই মানুষটাই শেষ হয়ে গেল। জীবনের সাথে এমন বোঝাপড়া পাঠকককে তার নিজের অপরিচিত বোধের সাথে পরিচয় করিয়ে দেয়। এমন অনেক ভাবনা রয়েছে প্রত্যেক ব্যক্তির নিজস্ব, যার সাথে নিজেই অপরিচিত কিন্তু গল্পগুলো সেই ভাবনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ভাবতে শেখায়—আরে তাই তো, আমিও তো এমন বা আমারও এমন হয়। সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা গল্প ‘কারাগার’। শেষের বাক্যটি, বৃদ্ধ শিক্ষক মীর বদরউদ্দীনের মুখে—‘যে দেশে বিদ্যালয় ভেঙে জেল হয় , সেই দেশে জেলে থাকাই ভালো’—কথার ভেতর যে তীব্র আক্ষেপ প্রকাশ পেয়েছে, তাতে ব্যক্তিকেন্দ্রিক ভাবনা উপেক্ষা করতে উত্সাহ দেয়। মানবিকতা দিয়ে বন্ধ্যাত্বকে উত্তীর্ণ সম্ভব—এমন প্রয়াস নিয়ে লেখা ‘ডা. ইয়াসমীনের একটি সন্ধ্যা’ সন্তান দত্তক নেওয়া প্রসঙ্গে। তবে এ গল্পেরও চমকটা শেষে। ‘অবহেলা’ পুরোদস্তুর অভিমানের গল্প। আজীবন প্রতারিত এক মানুষের ভেতরও ভালোবাসার আকাঙ্ক্ষা থেকে যাওয়ার বোধ। ‘১০০ তম গল্প ও অদৃশ্য মানব’ বইটি স্বদেশ হাসনাইনের প্রথম গল্পের বই; প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। বইয়ের প্রতিটি গল্প লেখকের নিজস্ব ভাবনায় তাড়িত মৌলিক লেখা।