(উত্সর্গ :কবি জুননু রাইনকে)
কবিতার ভয়ে পালালাম বহুদূর
পিছু ফিরে দেখি আমার পেছনে জ্বলছে কী রোদ্দুর!
হলুদ রোদের মাঝখানে আমি একা—
এমন সময় তোমার সঙ্গে আমার হলো কি দেখা!
দেখি মুখখানি যেন ঝলকানি আলোর আভাসে লাল—
লালিমায় লেখা উষ্ণতা ভরা টোলপড়া গাল দুটি,
আমার সামনে যেনবা উঠেছে ফুটি।
দুপুরের রোদ দেয়নি প্রবোধ কেবল বলছে যাও
কই যাব আমি কোথায় পালাব কোথায় সোনার গাঁও?
হাঁটতে হাঁটতে ক্লান্ত তো বটে এবার বিরাম চাই
চারদিক থেকে ছলনার হাসি বলে নাই নাই নাই।
নাইয়ের ভেতর হাত বাড়িয়েছি ধরব তোমার আঁচল
হাতের মধ্যে ঝরে যায় যেন কারও বা অশ্রুজল
কান্নার পিছে ছুটতে কি পারি—আমি অতিশয় ক্লান্ত,
ঠাঁই দাও ওগো অদেখা প্রেয়সী, খেলা হোক অবসান্ত।
