এসি মিলান ২ - বার্সেলোনা ০। গ্যালাতাসারে ১ - শালকে জিরো ফোর ১
ম্যাচের ফলাফলটা অবাক হবার মতোই; এসি মিলান-২, বার্সেলোনা-০। জায়ান্টদের ব্যর্থতার দিনে গত বুধবার রাতে ইতালির সান সিরোতে নিজেদের মাঠে বার্সেলোনাকে উড়িয়ে দিল এসি মিলান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তাটা এখন বার্সেলোনার জন্য অনেক কঠিন। অপর ম্যাচে ১-১ গোলে ড্র করেছে গ্যালাতাসারে ও শালকে জিরো ফোর।
বার্সা লা লিগার শীর্ষে থাকা দল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে। আর অন্যদিকে এসি মিলান সিরি এ তে তৃতীয় স্থানে অবস্থান করছে। তাই এসি মিলানের এই জয়কে অঘটনই বলতে হয়।
ক্যান্সার থেকে ফিরে আসতে অস্ত্রোপচারের পর বিশ্রামে রয়েছেন কোচ টিটো ভিলানোভা। তার অনুপস্থিতি এবং দলের আর্জেন্টিনা ফরোয়ার্ড মেসি জ্বলে উঠতে না পারার খেসারত ভালভাবেই দিতে হয় বার্সাকে। ১০ ম্যাচে মিলানের বিপক্ষেই প্রথম গোল হজম করতে হয় ন্যু ক্যাম্পের দলটিকে। অন্যদিকে টানা ১৪ ম্যাচে প্রথমবারের মতো গোল পেতে ব্যর্থ হন মেসি। সবমিলিয়ে বুধবার রাতে ভরাডুবি ঘটে বার্সার।
খেলার ৫৭ মিনিটে ক্রিশ্চিয়ান জাপাতার পাসে কেভিন প্রিন্স বোয়ার্টেং নিশানা ভেদ করলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও গোলটি নিয়ে বিতর্ক ছিল। রিকার্ডো মন্তোলিভোর পাস রিসিভ করার সময় বল ক্রিশ্চিয়ান জাপাতার হাতে লেগেছিল বলে মনে হলেও বিষয়টি রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। ৮১ মিনিটে স্টিফেন এল শারাউইর পাসে ব্যবধান দ্বিগুণ করেন সুলেই মুনতারি। বাকি সময়ে বার্সা গোল পরিশোর্ধে ব্যর্থ হলে জয় নিয়েই মাঠ ছাড়ে সিরি এ তে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা এসি মিলান। মিলানের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর ম্যাচ শেষে হতাশা ব্যক্ত করেন বার্সা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি বলেন, ‘এটা খুবই নেতিবাচক ফল হয়েছে। আপনি যখন খেলায় নিজেকে মেলে ধরতে পারবেন না তখন এমনটাই হবে।’
আগামী ১৩ মার্চ ফিরতি লেগে আবারো মুখোমুখি হবে বার্সেলোনা ও এসি মিলান। তবে প্রথম লেগে ২-০ গোলের জয়ে পরবর্তী রাউন্ডে এক পা দিয়েই রয়েছে রোজোনেরিরা। কারণ পরবর্তী রাউন্ডে যেতে হলে ন্যু ক্যাম্পে অনুষ্ঠেয় ওই ম্যাচে কাতালালানদের কমপক্ষে তিনগোলে জিততে হবে এবং কোনো গোল হজম করা চলবে না।
অন্যদিকে, গ্যালাতাসারের মাঠ ইস্তাম্বুলের টার্ক টেলিকম অ্যারেনাতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় শালকের। মহাদেশীয় এই লড়াইকে সামনে রেখে সম্প্রতি আইভরিকোস্ট ফরোয়ার্ড দিদিয়ের দ্রগবা ও ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নেইডারকে দলে ভিড়িয়ে শক্তি বৃদ্ধি করে গ্যালাতাসারে। এই দুই তারকাতে উজ্জীবিত স্বাগতিকরা দারুণভাবেই লড়াই শুরু করেছিল। ১২ মিনিটে তুর্কি ক্লাবকে এগিয়ে দেন বুরাক ইলমাজ। বক্সে সেলচুক ইনানের থ্রুতে বক্সে বল পেয়ে যান ইলমাজ। ওয়ান টু ওয়ান পজিশনে শালকে গোলরক্ষক টিমো হিলদেব্রান্ডকে পরাস্ত করে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান ২৭ বছরের এই স্ট্রাইকার (১-০)।
পিছিয়ে পড়েও দমে যায়নি শালকে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রেখে বিরতির আগেই সমতায় ফেরে সফরকারীরা। প্রথমার্ধের ইনজুরি সময়ে শালকে পক্ষে সমতাসূচক গোলটি করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার জার্মেইন জোনস (১-১)। যদিও বিরতির আগেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো গ্যালাতাসারে; কিন্তু মিডফিল্ডার হামিত আলতিনতপের শট শালকের গোলপোস্টে লেগে ফিরে এলে হতাশ হয় স্বাগতিক দর্শকরা। বাকি সময়ে কোনো পক্ষই গোল না পাওয়ায় মূল্যবান অ্যাওয়ে গোলের সুবিধা নিয়েই দেশে ফিরছে জার্মান ক্লাবটি।
আগামী ১৩ মার্চ ফিরতি লেগে শালকের মাঠ ভেলতিনস অ্যারেনাতে ফের উভয়পক্ষ মুখোমুখি হবে।
