নরেন্দ্র মোদিকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২০
গুজরাট দাঙ্গার মামলার নিষ্পত্তি না হলে রাজ্যটির মুখ্যমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের ভবিষ্যত্ প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে যখন ভাবা হচ্ছে তখন এ রকম একটি সিদ্ধান্ত জানিয়ে দিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সরকারের এ সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক। — খবর আনন্দবাজার পত্রিকার। ভারতের আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন চ্যানেলে ব্লেক বলেছেন, “গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভিসা মঞ্জুর করার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি বদল হয়নি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো সম্ভাবনা নেই। ভারতীয় বিচার ব্যবস্থায় তার বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি হলেই কেবল বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।” যে কেউ যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে পারেন বলে এসময় জানান ব্লেক। তবে ভিসা অনুমোদনের বিষয়টি অনেক বিষয়ের উপর নির্ভর করে বলে জানান তিনি। ২০০২ সালে গুজরাটের গোধরা এলাকায় অযোধ্যা থেকে ফেরা সবরমতি এক্সপ্রেস ট্রেনে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় ৫৮ জন হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবক নিহত হন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গুজরাট জুড়ে ছড়িয়ে পড়া হিন্দু-মুসলিম সামপ্রদায়িক দাঙ্গায় প্রায় ১২শ’ মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই মুসলমান। দাঙ্গার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মোদি দাঙ্গা থামাতে যথাযথ পদক্ষেপ নেননি বলে অভিযোগ আছে।