৭ লাখ ২০ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে বিএমডব্লিউ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২১
বৈদ্যুতিক ব্যবস্থায় সমস্যা ধরা পড়ায় ৭ লাখ ২০ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি বিএমডব্লিউ। এই সমস্যার কারণে চলমান অবস্থায় গাড়ি অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যেতে পারে। কোম্পানিটি জানিয়েছে, এই সমস্যার কারণে কানাডায় একটি বিএমডব্লিউ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, তবে কেউ আঘাত পায়নি। তাদের সিরিজ-১, সিরিজ-৩ ও জেডফোর স্পোর্টস কারে এ সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছে বিএমডব্লিউ। এই কারণে যুক্তরাষ্ট্র থেকে ৫ লাখ ৫ হাজার, কানাডা থেকে ৬৫ হাজার, জাপান থেকে এক লাখ এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৫০ হাজার গাড়ি ফিরিয়ে নেওয়া হচ্ছে। ইউরোপে বাজারজাত করা গাড়িতে এ সমস্যা ধরা পড়েনি বলে জানিয়েছে কোম্পানিটি।