চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৩৮ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিলো ৩৪ শতাংশ। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ তথ্যানুযায়ী চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়কালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো ২১ হাজার ৩৯ কোটি টাকা ব্যয় করেছে। এ সময়কালে অর্থ ছাড় করা হয়েছে ১৯ হাজার ৩৭৭ কোটি টাকা। অন্যদিকে প্রথম সাত মাসে বিদেশি সহায়তার ব্যবহারও আগের সময়কালের তুলনায় বেড়েছে।
চলতি অর্থবছরের শুরুতে ৫৫ হাজার কোটি টাকার এডিপি গ্রহণ করে সরকার। আলোচ্য সময়কালে ছয় হাজার ৮১০ কোটি টাকার বিদেশি সহায়তা ব্যবহার করা সম্ভব হয়েছে, যা বরাদ্দের মাত্র ৩২ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে চার হাজার ৫০৪ কোটি টাকা ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে জুলাই-জানুয়ারি সময়ে দেশজ উেসর ১৪ হাজার ২২৯ কোটি টাকা ব্যয় হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ১৫ হাজার ৭৮৩ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বরাদ্দের শীর্ষ ১০ মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৪৩ শতাংশ বা ১৭ হাজার ৮৪ কোটি টাকা খরচ করা হয়েছে। আলোচ্য সময়ে সাতটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ৫০ শতাংশের কম অর্থ ব্যয় করতে পেরেছে। আইএমইডি’র প্রতিবেদনে দেখা যায়, সাত মাসে স্থানীয় সরকার বিভাগ ৪৯ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ৪৫ শতাংশ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৩৬ শতাংশ, পানিসম্পদ মন্ত্রণালয় ৩৩ শতাংশ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ২৮ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় ২০ শতাংশ এবং শিল্প মন্ত্রণালয় ১১ শতাংশ খরচ করেছে।
