শিরোপাধারি অগ্নিয়েস্কা রাদওয়ানস্কা দুবাইয়ে আন্তর্জাতিক মহিলা টেনিস চ্যাম্পিয়নশিপের শেষ আটে পা রেখেছেন। তবে জয়টা মোটেও ফেভারিটের মতো হয়নি। গত বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে কাজাখস্তানের জুলিয়া পুটিন্টসেভাকে ৭-৫, ৬-৩ গেমে হারাতে তাকে বাড়তি ঘাম ঝরাতে হয়েছে রাদওয়ানস্কাকে।
প্রথম রাউন্ডে খেলতে না হওয়ায় এই ম্যাচটি দিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করেন রাদওয়ানস্কা। তবে কোর্টে শুরুটা একদমই ভাল হয়নি এই পোলিশ তারকার। নিজের প্রথম চারটি সার্ভিসের তিনটিতেই পয়েন্ট খোয়ান তিনি। তবে সময় গড়ানোর সাথে সাথেই রাদওয়ানস্কা ফিরতে থাকেন স্বরূপে। এক পর্যায়ে সেটের অবস্থা দাঁড়ায় ৪-৪। তবে জুলিয়া বারবারই রাদওয়ানস্কার কোর্টে নেটের কাছাকাছি বল মারতে থাকলে এর সুবিধা নেন রাদওয়ানস্কা। শেষ পর্যন্ত সেটটি জিতে নেন ৭-৫ গেমে। তবে প্রথম সেটের লড়াকু পারফরম্যান্সটাকে দ্বিতীয় সেটে টেনে নিয়ে যেতে পারেননি র্যাঙ্কিংয়ের ১০১ নম্বর অবস্থানে থাকা জুলিয়া। এখনো পর্যন্ত কোন টুর্নামেন্টেই দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে না পারা জুলিয়া দ্বিতীয় সেটে হার মেনে নেন ৩-৬ গেমে।
তবে তুলনামূলক বিচারে অনেক দুর্বল প্রতিপক্ষের সাথে এমন কষ্টার্জিত জয়ে স্বভাবতই খুশি নন র্যাঙ্কিংয়ের চতুর্থ বাছাই রাদওয়ানস্কা। তাছাড়া কোয়ার্টার ফাইনালে তাকে মুখোমুখি হতে হবে পেত্রা ভিতোভা অথবা আনা ইভানোভিচের। তাই পোলিশ তারকা নিজেই বুঝতে পারছেন শিরোপা ধরে রাখতে হলে অনেক জায়গাতেই উন্নতি করতে হবে তাকে। তবে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ বলেই এখনো পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেননি বলেই পারফরম্যান্স ভাল হয়নি দাবি করে তিনি বলেন, ‘আমার জন্য সব সময়ই প্রথম ম্যাচটা একটু অন্যরকম। আজকের আগে এ বছর আমার মূল কোর্টে কখনো নামা হয়নি। আমি কোর্টের বাইরে অনুশীলন করছিলাম এবং সেই কোর্টটা ছিল আসলেই অনেক দ্রুতগতির। আর এই কোর্টে আমার মনে হচ্ছিল বল যেন নড়ছিলই না । আমার জন্য মেজাজ ধরে রাখা ছিল সত্যিই খুব কঠিন। তবে এরপরেও জিততে পেরে আমি খুশি। আর আমার মনে হয় সব ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়াই দরকার আছে।’
দিনের অন্য ম্যাচে জয় পেয়েছেন সাবেক এক নাম্বার খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি এবং নাদিয়া পেত্রোভাও। ওজনিয়াকি চীনের ঝেই ঝেংকে হারান ৬-০, ৬-১ গেমে আর স্পেনের কার্লা সুয়ারেজকে ৬-১, ৬-০ গেমে হারান পেত্রোভা।
