তুরিনকে দুই যুগের রেকর্ড ভাঙতে দেননি রোনালদো

আপডেট : ০৪ মে ২০১৯, ১৪:০১

ইতালিয়ান লিগ সিরি’ এ চ্যাম্পিয়ন জুভেন্টাসকে দুই যুগেও হারাতে পারল না তুরিন। তবে শুক্রবার রাতে সেই অপেক্ষার অবসান হতে চলছিল। শেষ পর্যন্ত পর্তুগিজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আটকে দিলেন সেই প্রত্যাবর্তন। তুরিরেন সঙ্গে ১-০ গোলে পিছিয়ে থেকে শেষ বেলায় রোনালদোর গোলেই জুভেন্টাস ড্র করতে সক্ষম হয়। 

খেলার ১৮ মিনিটেই এগিয়ে যায় তুরিন। ৮৪ মিনিট পর্যন্ত ধরে রেখে ১৯৯৫ সালের পর জুভেন্টাসের বিপক্ষে জয়ের আশায় বুক বাঁধতে থাকে দলটি। তবে তাতে বাগড়া দেন রোনালদো। খেলার ৮৪ মিনিটে হেডের সাহায্যে গোল করে ফেরান সমতা। আর সেই সমতাতেই শেষ পর্যন্ত খেলা শেষ হয়। ক্লাব ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক কিছুদিন আগেই ছুঁয়েছেন রোনালদো। এবার হেডের সাহায্যে করলেন শততম গোল। 

আরও পড়ুন : ধর্মীয় রীতি অনুযায়ী সিংহাসনে বসলেন থাই রাজা

অবশ্য এই ম্যাচ জয়ের আগেই রোনালদোরা চলতি মৌসুমে সিরি’ এ লিগের শিরোপা নিশ্চিত করেছেন। টানা অষ্টমবারের মতো তারা ইতালি সেরা হিসেবে নিজেদের দাপট অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে আয়াক্সের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে জুভেন্টাসকে।

ইত্তেফাক/কেআই