ভারত সাধারণত ম্যাচের একদিন আগে একাদশ ঘোষণা করে না। এবার ব্যতিক্রমীভাবে চেন্নাই টেস্টের একদিন আগে জানিয়ে দেয়া হলো আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে থাকছেন হরভজন সিং। গত ১৮ মাসে মাত্র একটি টেস্ট খেলা হরভজন এই টেস্টের ভেতর দিয়ে ভারতের দশম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলবেন।
নিজের জন্য ঐতিহাসিক এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের আগে ক্রিকইনফোকে দেয়া সাক্ষাত্কারে নিজের অনুভূতির কথা বলেছেন হরভজন। বলেছেন, এই শততম টেস্ট খেলতে নামার আগে একটু নার্ভাস লাগছে তার।
শততম টেস্ট খেলতে যাচ্ছেন। এই মুহূর্তে অনুভূতি কেমন?
এমনিতেই এটা অনেক বড় একটা ম্যাচ। আগের ৯৯টি ম্যাচ তো অতীত হয়ে গেছে। এই শততম ম্যাচ খেলার আগে একটু নার্ভাস লাগছে। তবে আমি নিশ্চিত, মাঠে নামলেই এটা ঠিক হয়ে যাবে। কামব্যাক করার অভিজ্ঞতাটা তো অন্তত আগে আছে।
এই যে বাদ পড়ে ফিরে আসা, দীর্ঘ বিরতির পর খেলা, এই অভিজ্ঞতাটা আসলে কেমন? এখন নতুন লক্ষ্যটা কী?
আমি এরকম সময়ের মধ্যে আগেও গেছি। আমি ভালো করছি না, দলে সুযোগ পাচ্ছি না—এমন তো আগেও হয়েছে। এটা জীবনে ঘটতেই থাকে। হ্যাঁ, প্রতিবারই ফেরার সময় নার্ভাস লাগে। আর নতুন লক্ষ্য আসলে এখনই ঠিক করা সম্ভব না। একবার শততম টেস্টটা খেলে ফেলি। তখন বুঝতে পারব আর ৫০টা টেস্ট খেলতে হলে কী করতে হবে। তবে নিশ্চিত যে, আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে।
অভিষেকের আগেও কী এমন অনুভূতি ছিল? সেই সময়ের কথা যদি একটু বলতেন?
সত্যি কথা বলি, তখন নিজেকে বিশাল একটা দুনিয়ায় ছোট্ট বাচ্চা বলে মনে হচ্ছিল। দলের তারকাদের কথা ভেবেই আমি হতভম্ব হয়েছিলাম। নিজে বলতাম, ‘ওয়াও! আমি টেন্ডুলকার, শ্রীনাথ, অনিল কুম্বলের সঙ্গে খেলব!’ এরা ছিল আমার হিরো। আমি তাদের সঙ্গে খেলতে নামছি। বিস্ময়কর অভিজ্ঞতা। হ্যাঁ, তারপর লম্বা সময় পার হয়ে গেছে। তখন আমি কখনোই কল্পনা করিনি এতদূর আসবো।
যে তারকাদের কথা বললেন তারা আপনাকে কী সহায়তা করেছেন?
ঈশ্বর আমার প্রতি খুবই সদয় বলে আমি এদের দলে সিনিয়র হিসেবে পেয়েছিলাম। আমার সতীর্থরা— টেন্ডুলকার, কুম্বলে, শ্রীনাথ, দ্রাবিড়, লক্ষণ, সৌরভের মতো সিনিয়রদের ধন্যবাদ দিতে হয় আমাকে এত সহায়তা করার জন্য। এরা মানুষ হিসেবে অসাধারণ। আজ আমি যা কিছু হতে পেরেছি এদের সমর্থন ছাড়া পারতাম না।
সৌরভের তো বিশেষ অবদান আছে...
সে কথা তো বলে শেষ করা যাবে না। আমাকে আজ এই পর্যায়ে নিয়ে আসার পেছনে দাদার অবদান সবচেয়ে বেশি।
সব স্পিনার প্রত্যাবর্তনের সময় একটা রহস্য বলের ঘোষণা দেন। আপনি সেরকম তিসরা বা কিছু করবেন?
দেখুন, আমি কখনোই রহস্য বল নিয়ে কাজ করিনি। এসব তিসরা, চৌঠা, পাঞ্চওয়া কিছুই না। আপনি আসলে প্রথমটা, মানে নিজের ডেলিভারিটা ঠিকমতো দিতে পারলেই তো সাফল্য পাবেন।
