কমলগঞ্জে টিলা খুঁড়ে চলছে অবৈধ বালু উত্তোলন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
কমলগঞ্জ উপজেলাসহ আশপাশ এলাকার চা বাগানসমূহে চলছে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম। চা বাগানের মাঝদিয়ে প্রবাহিত ছড়া ও উঁচু টিলাভূমি খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। চা বাগানের কতিপয় কর্মকর্তা ও বাইরের লোকজনের এধরনের কার্যক্রমে বিনষ্ট হচ্ছে টিলাভূমি এবং বিপর্যস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সরেজমিনে দেখা যায়, ডানকান ব্রাদার্সের চাতলাপুর চা বাগান ও কমলগঞ্জের পদ্মছড়া চা বাগানসহ বিভিন্ন বাগানের মধ্যদিয়ে প্রবাহিত পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয় ও বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। চাতলাপুর চা বাগানের ম্যানেজার নিজেই শ্রমিকদের দিয়ে ১৫নং সেকশন এলাকা থেকে পলক ছড়া ও চা বাগানের টিলার নিচ থেকে খুঁড়ে ট্রাক্টর দিয়ে অব্যাহতভাবে বালু মাটি নিয়ে যাচ্ছেন। এছাড়াও ঐ বাগানের মনু ব্রিজ সংলগ্ন চায়ের টিলাভূমি থেকে বহিরাগত প্রভাবশালী লোকজন বালু মাটি বিক্রয় করছেন। অন্যদিকে চাতলাপুর চা বাগান থেকে ব্যাপকহারে মূল্যবান গাছ-গাছালি উজাড় হচ্ছে। পদ্মছড়া এলাকার ছড়া ও চায়ের টিলা খুঁড়ে বালু মাটি উত্তোলন করছে একটি চক্র। এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে চাতলাপুর বাগানের ম্যানেজার ইফতেখার এনাম বলেন, তার বাগানের মধ্যদিয়ে প্রবাহিত ছড়া থেকে বাগানের কাজের জন্যই তিনি বালু নিচ্ছেন। চায়ের টিলাভূমি খুঁড়ে বালু নেয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, বাইরের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত বালু মাটি নেয়া হলেও সেগুলো আপনারা দেখেন না।