মেহেরপুরে একুশের র্যালিতে দুর্ঘটনা: ছাত্রী নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে ২১-এর র্যালি করতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ দিল ৫ম শ্রেণির ছাত্রী সুমি (১০)। এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী দুটি পাওয়ার টিলারে অগ্নিসংযোগ করে এবং দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীরা র্যালি নিয়ে শহরে শহীদ বেদীতে ফুল দিয়ে গ্রামে ফিরছিল। র্যালিটি গ্রামের খন্দকার পাড়ায় পৌঁছালে একটি ইট বোঝাই পাওয়ার টিলার অন্য একটি পাওয়ার টিলারকে ওভারটেক করতে গিয়ে র্যালির মধ্যে ঢুকে পড়ে। এ সময় রায়পুর গ্রামের আব্দুল ওহাবের মেয়ে সুমি পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিলে সে মারা যায়।