নালিতাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত, আহত ৬

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের গড়কান্দা বাসস্ট্যান্ড এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অপর ৪ শিশুসহ অন্তত ৬ জন। গুরুতর আহতদের মধ্যে অপু নামের এক শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার গড়কান্দায় জনৈক ফারুক আহমেদ তার দোকানের সিলিন্ডার মেশিন দিয়ে ট্রাকের চাকায় হাওয়া দিচ্ছিল। এসময় অতিরিক্ত হাওয়া উঠায় সিলিন্ডারটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়ে দোকানের টিনের চাল উড়ে অন্তত ৮০ ফুট দূরে গিয়ে সিলিন্ডাটি আছড়ে পড়ে। এসময় শিশু আঁখি (১২), আঁখির ছোট ভাই রোমান (৫), অপু (১১), দোকানের সামনে বসা শামীম (১২), সজল দাস (১৭), জনৈক নজরুল ইসলামসহ (২৫) অন্তত ৬ জন গুরুতর আহত হয়। গুরুতর আহত আঁখি ঘটনাস্থলেই মারা যায়। আঁখি গড়কান্দা মহল্লার এনামুল হকের মেয়ে। অপুকে প্রথমে নালিতাবাড়ী এবং পরে ময়মনসিংহ মেডিক্যালে নেয়া হলেও তার পাটি পড়ে আছে ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শী আব্দুল আলিম জানান, ঘটনার সময় আমি পাশের দোকানে বসে চা খাচ্ছিলাম। এসময় প্রচণ্ড শব্দে সিলিন্ডারটি উপরে উঠে যায়। আশপাশের সব কিছু সিলিন্ডারের বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদ আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি পা পড়ে আছে এবং হাসপাতালে যে শিশুটি মারা গেছে তারও একটি পা নেই। বিষয়টি খুবই মর্মান্তিক।