সরকারি স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ব্র্যাক পরিচালিত প্রাণঘাতী ‘ম্যালেরিয়া’রোগের নিয়ন্ত্রণ কর্মসূচি খাগড়াছড়ি পার্বত্য জেলায় সফল বাস্তবায়নের ফলে গত ৬ বছরে মৃত্যুর হার সাড়ে ২২ শতাংশে নেমে এসেছে বলে দাবি করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক কর্তৃপক্ষ।
গত বুধবার খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. হাসান ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম ঃ গণমাধ্যমের সহায়তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। মতবিনিময় সভায় দাবি করা হয় যে, খাগড়াছড়ির ৮টি উপজেলায় ২০০৭ সালে ম্যালেরিয়া রোগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৭ হাজার ৭শ ৬২ জন। এর বিপরীতে ২০০৭ সালে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ১শ ১ জন । আর ২০১২ সালে ৬ হাজার ১ জন ম্যালেরিয়া রোগীর বিপরীতে মারা গেছে মাত্র ৬ জন।
ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা হরিপূর্ণ ত্রিপুরার উপস্থাপিত মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. বিপ্লব বড়ুয়া, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার কাজী নূরুন্নবী এবং সাংবাদিক মো. নূরুল আজম ।
