রংপুরে শুরু হচ্ছে পিএসসির কার্যক্রম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
৮ জেলার বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে অবশেষে রংপুরে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে জনবল নিয়োগ ও কার্যালয়ের জন্য বাড়ি ভাড়া করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে আশা করা যাচ্ছে। পিএসসি সূত্রে জানা যায়, রংপুর বিভাগের ৮ জেলার বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। এখন থেকে এ অঞ্চলের বিসিএস পরীক্ষার্থীদের আর ঢাকায় গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে না। ৩৪তম বিসিএস পরীক্ষা রংপুর আঞ্চলিক কার্যালয়ের অধীন অনুষ্ঠিত হবে। রংপুরের জেলা প্রশাসক ও পিএসসির একটি সূত্র জানায়, রংপুরে পিএসসির আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের কাছ থেকে নগরীর গুপ্তপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি মাসিক ভাড়া ১২শ টাকার ভিত্তিতে লিজ নেয়া হয়েছে। একজন সহকারী পরিচালকসহ প্রয়োজনীয় জনবলও ইতিমধ্যে নিয়োগ দিয়েছে কমিশন। এদিকে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএস পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানেও ২৮নং অনুচ্ছেদে পরীক্ষা কেন্দ্রের স্থলে রংপুরকে যুক্ত করা হয়েছে।