পানছড়িতে খয়রাতি রেশনের দাবি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
পানছড়ি উপজেলার ১২টি গুচ্ছগ্রামের খয়রাতি রেশন পাওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে গুচ্ছগ্রামবাসী। জানা যায়, খাগড়াছড়ি জেলার সবকয়টি উপজেলায় খয়রাতি রেশন বিতরণ করা হলেও পানছড়ি উপজেলায় এখন পর্যন্ত রেশন বিতরণ করা হয়নি। সংশ্লি¬ষ্ট সূত্র জানায়, আইনি ঝামেলা, পুরাতন প্রকল্প চেয়ারম্যানকে ডিও না দেয়াসহ নতুন প্রকল্প চেয়ারম্যান নিয়োগ দেয়ার দাবির কারণে গুচ্ছগ্রামবাসীদের রেশন পেতে বিলম্ব হচ্ছে। এদিকে পানছড়ি উপজেলার ৪২ জন গুচ্ছগ্রামবাসী স্বাক্ষরিত একটি আবেদন বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে দিয়েছে। আবেদনে জানা যায়, বর্তমানে গুচ্ছগ্রামবাসী রেশন না পাওয়ার কারণে খাদ্য সংকটে ভুগছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম বলেন, আদালতে মামলা থাকায় রেশন বিতরণ স্থগিত রয়েছে।