সিদ্ধিরগঞ্জে একটি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর করেছে ওই প্রতিষ্ঠানের আমানতকারীরা। গত বুধবার লভ্যাংশ দেয়ার কথা থাকলেও তা না পাওয়ায় ক্ষুব্ধ আমানতকারীরা বিক্ষোভ প্রদর্শন করে ও প্রতিষ্ঠানের কর্মচারীদের উপর হামলা চালায়।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিঃ (আইসিএল) নামে একটি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানে গ্রাহকরা মাসিক লভ্যাংশ প্রদানের শর্তে প্রায় ৫০ কোটি টাকা আমানত রাখে। কিন্তু গত ৮ মাস যাবত্ উক্ত প্রতিষ্ঠান থেকে কোন লভ্যাংশ প্রদান করা হচ্ছে না। এ কারণে দীর্ঘদিন যাবত্ গ্রাহকদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি তা পরিশোধ করার কথা ছিল। কিন্তু বুধবার পর্যন্তও লভ্যাংশের টাকা না পেয়ে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে রজ্জব আলী সুপার মার্কেটে অবস্থিত আইসিএল কার্যালয়ে গিয়ে ক্যাশিয়ার আমেনা ও প্রহরী আবু তাহেরকে গণধোলাই দেয়। অপর গ্রাহক স্বপন জানায়, মাসে মাসে লভ্যাংশ প্রদানের শর্তে ৫ লাখ টাকা আমানত রেখেছি। কিন্তু গত ৮ মাস যাবত্ কোন লভ্যাংশ দেয়া হয়নি। সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার ওসমান জানান, এ ধরনের কোন ঘটনা তাদের জানা নেই।
