বাগেরহাটে চুরি যাওয়া শিবলিঙ্গ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি\ বাগেরহাটের একটি মন্দির থেকে চুরি হওয়া শতবর্ষের প্রাচীন শিবলিঙ্গ বিগ্রহ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিগ্রহটি উদ্ধার করে। গত বছরের ৫ নভেম্বর রাখালগাছি কালী মন্দির থেকে বিগ্রহটি চুরি হয়েছিলো।
মৌলভীবাজার ৩ আসনের জাপা নেতার গণসংযোগ
মৌলভীবাজার প্রতিনিধি \ মঙ্গলবার মৌলভীবাজার ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ নূরুল হক বিপুল সংখ্যক নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে মনুরমুখ ও খলিলপুর ইউনিয়নে গণসংযোগ করেন। খলিলপুর ও মনুরমুখ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে সভা-সমাবেশ ও পথসভা করেন। সৈয়দ নূরুল হক আগেভাগেই নেতা-কর্মীদের সুসংগঠিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন।
উখিয়ায় ২ ডাকাতসহ গ্রেপ্তার ১৬
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ উখিয়া থানা পুলিশ গত মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর রাত পর্যন্ত উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুখ্যাত ২ পলাতক ডাকাতসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৬ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। ধৃত ডাকাতেরা হচ্ছে রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের একাধিক ডাকাতি মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর আলম (২৫) ও রাজাপালং গ্রামের ইমাম উদ্দিনের পুত্র শামসুল আলম (২২)।
ঘাটাইলে বিএনপি’র দু’গ্রুপে সংঘর্ষ
ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা\ বুধবার বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা বিএনপি’র উদ্যোগে ঘাটাইল পৌরসভা এলাকা থেকে সহস্রাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ মোড়ে পৌঁছিলে সমপ্রতি জেলা বিএনপি’র পাঁচ নেতাকে তাদের কার্যক্রম স্থগিতকৃত নেতাদের সমর্থকরা মিছিলের উপর হামলা চালায় । এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ধলাপাড়া ইউনিয়নের ছাত্রদল নেতা মোঃ রনি সিকদারকে মাথায় আঘাত করা হলে সে গুরুতর আহত হয়।
নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ
নাটোর প্রতিনিধি \নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলায় আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। তমালতলা আওয়ামী লীগের বিবাদমান শরীফুল ইসলাম গ্রুপ ও জামিলুর রহমান বাবু গ্রুপের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিল নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে শরীফুল ইসলাম গ্রুপ ও জামিলুর রহমান বাবু গ্রুপের মধ্যে সংর্ঘষ বাধে। কালু ও আমিন, মোখলেসুর রহমান ও কওসার ওয়াদুদ বাবর সহ দুই গ্রুপের অন্তত ১০জন আহত হয়। আহতদের বিকেলে নাটোর ও বাগাতিপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে সন্ধ্যা পর্যন্ত উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েণ করা হয়েছে।
ঘাটাইলে আদিবাসীদের মানববন্ধন
ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা\ বুধবার ঘাটাইল উপজেলায় সরকারি সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে আদিবাসীরা। ঘাটাইল অঞ্চলের সভাপতি অনিল চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রকল্প কর্মকর্তা মিঃ শশাংক রিছিল ও মাঠ কর্মকর্তা শফিকুল ইসলাম এ.এন.এল.সি ঘাটাইল উপজেলার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র বর্মন, কোচ আদিবাসী সংগঠনের সভাপতি সুখেন্দ্র চন্দ্র কোচ প্রমুখ।
ফতুল্লা থানা যুবদলের আংশিক কমিটি গঠন
নারায়ণগঞ্জ প্রতিনিধি\ ফতুল্লা থানা যুবদলের ১১ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে থানা বিএনপির আগের কমিটি বিলুপ্ত করে শহীদুল ইসলাম টিটুকে সভাপতি ও মাসুদুর রহমান মাসুদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি হাসান আলী, তুষার আহম্মেদ মিঠু, ফরিদ আহম্মেদ, যুগ্মসম্পাদক ইসমাইল খান, সহসাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনসহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও সদস্য একরামুল কবির মামুন।
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ সিংড়ায় সড়ক দুর্ঘটনায় এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে । বুধবার রাত ১১ টায় আলু নিয়ে বগুড়া থেকে সিংড়া আসার পথে ট্রাক দুর্ঘটনায় সে নিহত হয় । নিহত সিরাজ (৪৫) উপজেলার উত্তর দমদমা মহল্লার মৃত কুতুব উদ্দিনের ছেলে ।
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবে বুধবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতির পিতার স্মরণে ‘শ্রদ্ধাঞ্জলি’ অডিও সিডির গীতিকার ও শিল্পী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও শ্রদ্ধাঞ্জলির গীতিকার প্রবাসী মোফাজ্জিল খান, শিল্পী চম্পা কলি, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন।
সিরাজদিখানে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলার তেঘরিয়া গ্রামে ডাকাতি মামলার আসামি মাসুম (২৪), হারেস (৪৫) ও স্বপনকে (২৮) পুলিশ কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে। তিনদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও মালামাল উদ্ধার করেছে।
গৌরীপুরে ইউনিয়ন কমপ্লেক্স উদ্বোধন
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে বুধবার দাড়িয়াপুর সড়কের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা ইয়াসমিন, ময়মনসিংহের সিভিল সার্জন সঞ্জীব চক্রবর্তী, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বিরাগ আনন্দ নাগ, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান প্রমুখ। এছাড়াও তিনি প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভাংনামারী ইউনিয়ন কমপ্লেক্স, ভাংনামারী-নাপ্তের আলগী সড়ক, জেলা পরিষদের ডাকবাংলোর উদ্বোধন করেন।
চূড়ান্ত ফলাফল হাতে পেয়েও চাকরি বঞ্চিত!
মেহেরপুর প্রতিনিধি \ বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফল হাতে পেয়েও অদ্যাবধি নিয়োগ না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের চাকরি বঞ্চিতদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলািপি প্রদান করা হয়েছে। চাকরি বঞ্চিতদের পক্ষ থেকে জালালউদ্দিন ও আরিফুর রহমান সুইট উপস্থিত থেকে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার স্মারকলিপি গ্রহণ করেন।
কাউনিয়ায় অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ গত বুধবার রাতে কাউনিয়ায় অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের গনাই এলাকার কাদের পানাতির বাড়িতে বুধবার রাত সাড়ে দশটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির ১২টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
রূপগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠন
রূপগঞ্জ সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বুধবার গঠন করা হয়েছে। আমজাদ হোসেনকে সভাপতি ও ইমন হাসান খোকনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলো- সহসভাপতি মাসুম মিয়া, কাউছার হোসেন, মোহসীন মিয়া, সুরুজ্জামান, মাসুদ হাসান, হেলেন ভুঁইয়া, যুগ্মসম্পাদক মারুফ হাসান, জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমতউল্লাহ,সাঈদ হোসেন সোহাগ, প্রচার সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান।
জগন্নাথপুরে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের উদ্বোধন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৯৬ লাখ টাকা ব্যয়ে হাছান ফাতেমাপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের দ্বিতল ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য এম এ মান্নান।
নাগেশ্বরী ১০ বছর পর লাইব্রেরি চালু
নাগেশ্বরী সংবাদদাতা \ নাগেশ্বরী উপজেলা পরিষদ লাইব্রেরি দীর্ঘ ১০ বছর বন্ধের পর উপজেলা প্রশাসনের সদিচ্ছায় গত ২০ ফেব্রুয়ারি পুনরায় চালু হয়েছে। সন্ধ্যায় লাইব্রেরিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ছোটগল্পকার আব্দুল কাদের, আবুল কাশেম সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমুখ।
কালীগঞ্জে বই ও তথ্যপ্রযুক্তি মেলার উদ্বোধন
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা \ কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী একুশে বই ও তথ্যপ্রযুক্তি মেলা। গত বুধবার বিকালে তুষভাণ্ডার পাবলিক লাইব্রেরি আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান । লাইব্রেরির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ সালেহ উদ্দিন আহমেদ হেলাল, মুক্তিযোদ্ধা মহসিন টুলু।
রায়পুরায় যুবলীগের বিক্ষোভ মিছিল
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে ও আব্দুল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপারধীর ফাঁসির দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল করে উপজেলা যুবলীগ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মো. ইমান উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. মিলন মাস্টার, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান টিটু, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
মহালছড়িতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা \ মহালছড়িতে গতকাল বৃহস্পতিবার ১০ এপিবিএন এমটি গ্যারেজের পেছন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম বাবুল মিয়া (৪০)। পিতা- মৃত ইসমাইল বেপারী। জানা গেছে, মৃত ব্যক্তি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রসিদনগর এলাকার বাসিন্দা। মৃত ব্যক্তির নিকটতম আত্মীয়ের ভাষ্যমতে, বাবুল মিয়া বেশ কিছুদিন যাবত্ মানসিক সমস্যায় ভুগছিলেন।
কটিয়াদীতে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রাম থেকে কটিয়াদী থানা পুলিশ এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে উক্ত গ্রামের আড়িয়াল খাঁ নদে মোজাম্মেল হক মতি মাস্টারের (৬৫) লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মতি মাস্টার উপজেলার ১নং চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। নিহতের ছেলে মাজাহারুল হক জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সিরাজ মিয়ার সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ নদীতে ফেলে রাখে। থানায় হত্যা মামলা করেছে।
