শিক্ষার্থীদের ‘অন্য কেউ এসে গ্রেফতার করে নিয়ে যাবে’ উপাচার্যের এমন হুমকির প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়ে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা ‘হুমকি দিয়েছে লায়লা, জেগেছে রে বাংলা’ স্লোগান দিতে থাকে।
এ প্রসঙ্গে সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহম্মেদ বলেন, গত একমাস যাবত বৈধ উপাচার্যের দাবি জানিয়ে আসলেও বর্তমান অবৈধ উপাচার্য ডা. লায়লা পারভিন চূড়ান্ত কোনো সমাধান ছাড়া গত বৃহস্পতিবার ক্লাস, পরীক্ষা শুরু করার নির্দেশ দেন। সেই সঙ্গে মুঠোফোনে তিনি হামলা, মামলার হুমকি দেন। এমন হুমকি দাতা ব্যক্তিকে উপাচার্য হিসেবে মানি না। আমরা উনার পদত্যাগ চাই।
সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক শেখ রনি জানান, এমন উপাচার্যের অধীনে আমরা নিজেদের নিরাপদ মনে করছি না। উনি ভুল স্বীকার করে ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
আরও পড়ুন: শত রোগীর শরীরে এইডসের জীবাণু ছড়ালেন পাকিস্তানি চিকিৎসক
উল্লেখ্য, গত ৬ এপ্রিল থেকে বৈধ উপাচার্যের দাবিতে আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার (২ মে) ডা. লায়লা পারভিন পিছনে এনএসআই, সরকার আছে বলে শিক্ষার্থীদের গ্রেফতারের হুমকি দেন। এতে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি জানায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলনের ডাক দেন সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান রনি।
ইত্তেফাক/অনি

