দুর্বল হয়ে ফণী পাবনা-টাঙ্গাইল-ময়মনসিংহে

আপডেট : ০৪ মে ২০১৯, ১৬:২৮

দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফণী। এটি দুপুর নাগাদ পাবনা-টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চলে অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এরপর ফণী ভারতের আসাম ও মেঘালয়ের দিকে চলে যাবে।

এদিকে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দেশের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়, ফরিদপুর-ঢাকা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফণী আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে শনিবার দুপুর ১২টায় পাবনা-টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। 

একই সঙ্গে বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: দুই দেশের নাগরিকত্বের বিতর্ক নিয়ে মুখ খুললেন অক্ষয়

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কি.মি. বেগে এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কি.মি. বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এখন সাগর খুবই উত্তাল রয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানার পর দুর্বল হয়ে শনিবার সকালে বাংলাদেশে প্রবেশ করে।

ইত্তেফাক/জেডএইচ